বনতারায় প্রাণী আমদানি নিয়ে তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের, SIT রিপোর্টে কী জানা গেল?
- Published by:Tias Banerjee
Last Updated:
রিলায়েন্স গোষ্ঠী পরিচালিত বনতারা কেন্দ্রে বনজ প্রাণী আমদানি নিয়ে ওঠা বিতর্কে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে তদন্তের দাবিতে দায়ের হওয়া একটি আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ইতিমধ্যেই SIT তদন্তে কোনও বেআইনি কার্যকলাপের প্রমাণ মেলেনি। পাশাপাশি বৈধ অনুমতিতে আমদানি হওয়া প্রাণীদের স্থানান্তর করলে তা নিষ্ঠুরতার শামিল হতে পারে বলেও পর্যবেক্ষণ আদালতের।
বনজ প্রাণী আমদানি সংক্রান্ত অভিযোগে তদন্তের দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট। রিলায়েন্স গোষ্ঠী পরিচালিত প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ‘বনতারা’-র (VANTARA) বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ‘করনার্থম বিরমাহ ফাউন্ডেশন বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স’ মামলায় বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি এন ভি অঞ্জারিয়ার বেঞ্চ জানায়, আবেদনে উত্থাপিত বিষয়গুলি ইতিমধ্যেই আদালত-নিযুক্ত বিশেষ তদন্তকারী দল (SIT) খতিয়ে দেখেছে।
আদালত উল্লেখ করে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে SIT তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেয়, যা আদালত গ্রহণও করে। সেই রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে, ভান্তারায় প্রাণী আমদানির ক্ষেত্রে দেশীয় বা আন্তর্জাতিক কোনও আইন লঙ্ঘনের প্রমাণ মেলেনি।
advertisement
advertisement
বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, বৈধ অনুমতি নিয়ে একবার কোনও আমদানি সম্পন্ন হলে পরে আপত্তি ওঠার ভিত্তিতে সেটিকে বেআইনি বলা যায় না। আদালতের বক্তব্য, “বৈধ অনুমতি নিয়ে সম্পন্ন হওয়া আমদানিকে পরে শুধুমাত্র আপত্তির ভিত্তিতে নিষিদ্ধ বলা যায় না।”
advertisement
প্রাণীদের সুরক্ষার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত। বিচারপতিদের মতে, বৈধভাবে আমদানির পর প্রাণীদের বর্তমান পরিবেশ, অভিভাবকত্ব বা বাসস্থান থেকে সরানো হলে সেটিই বরং নিষ্ঠুরতার শামিল হতে পারে।
এছাড়াও, আবেদনকারী পক্ষ যে ‘CITES’ (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora)-এর একটি নথির উপর নির্ভর করেছে, তা অভিযোগকে সমর্থন করে না বলেই জানায় আদালত। বরং ওই নথিতে বলা হয়েছে, প্রয়োজনীয় CITES নথি বা আমদানি অনুমতি ছাড়া প্রাণী আনা হয়েছে— এমন কোনও প্রমাণ নেই। এমনকি বাণিজ্যিক উদ্দেশ্যেও আমদানির কোনও প্রমাণ পাওয়া যায়নি।
advertisement
এই সমস্ত পর্যবেক্ষণের ভিত্তিতে আদালত জানায়, আবেদনে কোনও গ্রহণযোগ্যতা নেই। আবেদনকারী পক্ষ আমদানি সংক্রান্ত নথি প্রকাশ, স্বাধীন নজরদারি কমিটি গঠন এবং বন্যপ্রাণ সংরক্ষণ আইন, ১৯৭২ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল। তবে আদালত স্পষ্ট করে দেয়, এই সমস্ত বিষয় আগেই খতিয়ে দেখে নিষ্পত্তি করা হয়েছে।
ফলে, রিট আবেদনটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এই মামলায় আবেদনকারীর পক্ষে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট সন্তোষ পল এবং অ্যাডভোকেট অঙ্কুর যাদব।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2026 8:54 PM IST










