Operation Sindoor in Lok Sabha: 'সিঁথিতে সিঁদুর, পাকিস্তান এখন ভারতের স্ত্রী!' নামকরণ নিয়ে খোঁচা, আরএলপি সাংসদের মন্তব্যে লোকসভায় হাসির রোল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই সামরিক অভিযানের নাম কেন অপারেশন সিঁদুর দেওয়া হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার ব্যাখ্যা দিতে হবে বলেও দাবি করেন তিনি৷
অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় গতকাল থেকেই সরগরম লোকসভা৷ শুরু হয়েছে শাসক-বিরোধী জোর তরজা৷ রাজনীতির ভারী ভারী কথার মধ্যেই অবশ্য হাসির উপাদানও ছিল৷ যেমন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিওয়ালের বক্তব্য শুনেই হেসে গড়িয়ে পড়লেন শাসক থেকে বিরোধী দুই শিবিরের সাংসদরাই৷
অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখেন রাজস্থানের নাগৌরের সাংসদ বেনিওয়াল৷ অপারেশন সিঁদুরের নামকরণ নিয়ে প্রশ্ন তুলতে গিয়েই কটাক্ষের সুরে তিনি বলেন, নাম শুনে মনে হচ্ছে ভারত পাকিস্তানের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে৷ এখন পাকিস্তান ভারতের স্ত্রী৷ পাকিস্তানকে তাহলে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হোক৷
অপারেশন সিঁদুর চলাকালীন যেভাবে করাচি, ইসলামাবাদ, লাহৌরের মতো পাকিস্তানি শহরগুলি ভারতীয় সেনা দখল করে নিয়েছে বলে ভুয়ো খবর রটেছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন বেনিওয়াল৷ পাশাপাশি কেন পর পর তিন বার ক্ষমতায় এসেও এনডিএ সরকার পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে পারল না, সেই প্রশ্নও তোলেন তিনি৷ পাকিস্তানের বিরুদ্ধে এই সামরিক অভিযানের নাম কেন অপারেশন সিঁদুর দেওয়া হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার ব্যাখ্যা দিতে হবে বলেও দাবি করেন তিনি৷
advertisement
advertisement
ऑपरेशन सिंदूर पर लोक सभा में हुई विशेष चर्चा में भाग लेते हुए कई महत्वपूर्ण बिंदुओं पर सरकार से सवाल किए |#OperationSindoorDebate pic.twitter.com/cXqY4NCnL7
— HANUMAN BENIWAL (@hanumanbeniwal) July 29, 2025
অপারেশন সিঁদুরের নামকরণ নিয়ে কটাক্ষ করতে গিয়েই বেনিওয়াল বলেন, দু দিন ধরে মিডিয়ায় প্রচার চলল যে লাহৌর, করাচি দখল হয়ে গিয়েছে, ইসলামাবাদে ভারতীয় পতাকা উড়ছে৷ তখন মনে হচ্ছিল পাকিস্তান তো দখলই হয়ে গিয়েছে৷ আপানারা আবার এই অভিযানের নাম রেখেছেন অপারেশন সিঁদুর৷ শুনে মনে হচ্ছিল ভারত পাকিস্তানের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে৷ হিন্দু ধর্মে মহিলা নিজেদের স্বামীকেই সিঁদুর বলে মানেন৷ স্বামীরা মহিলাদের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন৷ তাহলে পাকিস্তানকে সিঁদুর পরিয়ে দিলে পাকিস্তান এখন ভারতের স্ত্রী৷ শুধু শ্বশুরবাড়ি আসা বাকি৷ তাহলেই সব ঝামেলা মিটে যায়৷
advertisement
বেনিওয়ালের এই মন্তব্য শুনেই হাসিতে ফেটে পড়েন অন্যান্য সাংসদরা৷ এরই মধ্যে শাসক শিবির থেকে কেউ একজন বেনিওয়ালকে দ্রুত তাঁর বক্তব্য শেষ করতে বলেন৷ তখন আরএলপি সাংসদ ফের বলেন, নিজেরা তো আধ ঘণ্টা বক্তব্য রাখলেন৷ এখন আমাকে বলছেন ঝটপট বক্তব্য শেষ করতে৷ এরই মধ্যে তাঁর সময় শেষ হয়ে গিয়েছে বলে ঘণ্টা বাজান অস্থায়ী অধ্যক্ষ৷ তা শুনেই ফের বেনিওয়াল বলেন, আবার কী হল? একে তো সকাল সাড়ে দশটায় বক্তব্য রাখার সময় দিয়েছেন৷ আমার কথা কোনও সংবাদপত্রে ছাপবে না৷ সোশ্যাল মিডিয়া দিয়েই কাজ চালাতে হবে৷ আরএলপি সাংসদের এই মন্তব্য শুনেও হাসির রোল ওঠে লোকসভায়৷
advertisement
একই সঙ্গে গোয়েন্দা ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন বেনিওয়াল৷ জঙ্গিরা যে পহেলগাঁওয়ে হামলা চালাতে পারে, আগে থেকে সেই খবর কেন গোয়েন্দারা পেলেন না, সেই প্রশ্নও তুলেছেন আরএলপি সাংসদ৷ পাশাপাশি অগ্নিবীর নিয়োগ বন্ধ করে সেনাবাহিনীতে আগের মতোই পূর্ণ সময়ের নিয়োগ শুরু করারও দাবি জানিয়েছেন বেনিওয়াল৷ তাঁর মতে, অগ্নিবীরদের নিয়োগ করায় সেনাবাহিনীর মনোবল ভেঙে গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 29, 2025 4:42 PM IST











