India Pakistan Tension: ভারতের বেকারির নামে পাকিস্তানের শহর ‘করাচি’ কেন? অবিলম্বে পাল্টাতে হবে নাম! ৭২ বছরের পুরনো খাবারের দোকান ঘিরে চরমে বিক্ষোভ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Operation Sindoor:বিক্ষোভে শামিল প্রতিবাদীদের দাবি, পাকিস্তানের কোনও শহরের নামে যে ব্যবসায়িক সংস্থার নামকরণ করা হয়েছে, ভারতের মাটিতে সেটা চলতে দেওয়া যায় না৷ বিশেষ করে যখন দেশবাসীর আবেগ অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় আছে৷
হায়দরাবাদ: পহেলগাঁও হামলা এবং তার দু’ সপ্তাহের মধ্যে ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর-এর পর চরমে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা। এই আবহে তুঙ্গে জাতীয়তাবাদ এবং দেশপ্রেম। এই পরিস্থিতিতে বিপাকে হায়দরাবাদের ‘করাচি বেকারি’। পুরনো এবং নামী এই বেকারি ঘিরে সম্প্রতি বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা দাবি তোলেন, অবিলম্বে পাল্টাতে হবে বেকারির নাম।
বিক্ষোভে শামিল প্রতিবাদীদের দাবি, পাকিস্তানের কোনও শহরের নামে যে ব্যবসায়িক সংস্থার নামকরণ করা হয়েছে, ভারতের মাটিতে সেটা চলতে দেওয়া যায় না৷ বিশেষ করে যখন দেশবাসীর আবেগ অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় আছে৷ হায়দরাবাদের বেগমপেটে করাচি বেকারির মূল তথা গুরুত্বপূর্ণ আউটলেটের সামনে বিক্ষোভে জড়ো হন জনতা৷
তবে বিক্ষোভকারীদের উষ্মা উড়িয়ে দিয়ে করাচি বেকারির কর্তৃপক্ষের দাবি, তাঁরা মননে ও আচরণে সম্পূর্ণ ও আদ্যন্ত ভারতীয়৷ মালিকপক্ষের দাবি, তাঁদের শিকড় প্রোথিত ভারতেই৷ ১৯৪৭ সালে স্বাধীনতা এবং দেশভাগের কয়েক বছর পরই বেকারির নামকরণে ‘করাচি’ আসে৷ বেকারির মালিকপক্ষের দাবি, ‘‘হায়দরাবাদে ১৯৫৩ সালে করাচি বেকারি প্রতিষ্ঠা করেছিলেন খনচাঁদ রমনানি৷ তিনি দেশভাগের পর পাকিস্তান ছেড়ে এসেছিলেন ভারতে৷’’ ফেলে আসা করাচি শহরের নামেই শুরু করেন বেকারি। বর্তমানে তাঁর নাতি দোকানের দায়িত্ব সামলাচ্ছেন৷ তাঁরা আইকনিক এই বেকারি ও ক্যাফের নাম পাল্টাতে চান না বলেই জানিয়েছেন৷
advertisement
advertisement
করাচি বেকারির মালিকের কাতর আর্জি, ‘‘মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এবং প্রশাসনিক আধিকারিকদের কাছে আমরা অনুরোধ করছি যাতে বেকারির নাম না পাল্টানোর ক্ষেত্রে আমরা তাঁদের পাশে পাই৷ অনুগ্রহ করে আমাদের পাশে থাকুন৷ আমরা ভারতীয় ব্র্যান্ড৷ কোনও পাকিস্তানি ব্র্যান্ড বা সংস্থা নই৷’’
বিতর্কিত প্রশ্ন এড়াতে, তাঁদের জাতীয়তাবাদ নির্দ্বিধায় প্রতিষ্ঠা করতে হায়দরাবাদ জুড়ে তাদের বিভিন্ন আউটলেটে সাইনবোর্ডের উপরে ভারতের জাতীয় পতাকা প্রতিষ্ঠা করেন করাচি বেকার কর্তৃপক্ষ৷ কিন্তু তাতেও বিক্ষোভ এড়ানো যায়নি৷ তবে করাচি বেকারির নাম নিয়ে ভারতের মাটিতে বিক্ষোভ এই প্রথম নয়৷ ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর বেঙ্গালুরু শহরে আমজনতার রোষের মুখে তাদের সাইনবোর্ডে ‘করাচি’ শব্দটি ঢেকে ফেলতে বাধ্য হন জনপ্রিয় এই বেকারির কর্তৃপক্ষ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 7:12 PM IST









