Mahanayak Uttam Kumar: দত্তপুকুরে উত্তম কুমারের স্মৃতি বিজড়িত বাগানবাড়ি 'ভ্রমর'-এ মহানায়কের অনন্য সংগ্রহশালা
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Rukmini Mazumder
Last Updated:
উত্তর ২৪ পরগনার ছোট জাগুলিয়ায় উত্তমকুমারের সাধের বাগানবাড়ি ছিল 'ভ্রমর'। পরে বাড়ির মালিকানা উত্তমকুমারের ভাই তরুণকুমারের কাছে চলে গেলেও, বাড়িটা আজও পরিচিত মহানায়কের নামেই। পরে, অনেক হাত ঘুরে এখন বাড়ির মালিক এস কে মফিজুল ইসলাম। নিজের ভালোবাসায় বাড়িটাকে আগলে রেখেছেন এই উত্তমভক্ত।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বাঙালির আবেগের আর এক নাম উত্তম কুমার। নতুন প্রজন্মকে ‘উত্তম ম্যাজিক’-এর সঙ্গে পরিচয় করাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়া এলাকায় মহানায়কের স্মৃতিবিজড়িত বাগানবাড়ি ‘ভ্রমর’কে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অনন্য সংগ্রহশালা। স্থানীয় বয়রার বাসিন্দা এস কে মফিজুল ইসলাম ওরফে মিন্টু পেশায় ব্যবসায়ী হলেও, নেশায় উত্তম-অনুরাগী। তাঁর উদ্যোগেই মহানায়কের প্রাক্তন বাগানবাড়িটি কিনে, সংস্কার করে তৈরি হয়েছে ‘উত্তম সংগ্রহশালা’।
জানা যায়, অবসর সময়ে একাধিকবার এই দত্তপুকুরের বাগানবাড়িতে সময় কাটাতে আসতেন মহানায়ক। সংগ্রহশালায় প্রবেশ করলেই সর্বত্র উত্তম-ময় আবহ। দেওয়াল জুড়ে মহানায়কের বিরল ছবি, অভিনীত ছবির পোস্টার এবং নানা অজানা তথ্য। ‘সবার উপরে’, ‘অগ্নিপরীক্ষা’, ‘পথে হল দেরি’, ‘ভ্রান্তিবিলাস’- সহ একাধিক কালজয়ী ছবির সাদাকালো পোস্টার শোভা পাচ্ছে ঘরের দেওয়াল জুড়ে। বিশেষভাবে সংরক্ষিত রয়েছে একটি খাট ও সেই সময়কার একটি ফ্যান, যা মহানায়কের ব্যবহৃত বলে দাবি সংগ্রহশালা কর্তৃপক্ষের। এমনকি বাড়ির বিদ্যুৎ মিটারের মালিকানায় এখনও অভিনেতা তরুণ কুমার-এর স্ত্রীর নাম রয়েছে বলেও জানান উদ্যোক্তা।
advertisement
বাগান বাড়ির বর্তমান মালিকের কথায়, কোনও ব্যবসায়িক উদ্দেশ্য নয়। বাঙালির ইতিহাস ও মহানায়কের স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ। নতুন প্রজন্ম যাতে উত্তম কুমারকে জানে, চেনে, তাঁর ছবির সঙ্গে নিজেদের একাত্ম করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। পুরনো বাগানবাড়ির নীচের দুটি তলা সংস্কার করে গড়ে তোলা হয়েছে এই সংগ্রহশালা। সাদাকালো দাবার ছকের মেঝে, পুরনো দিনের গাছপালা আর ঘরের পরিবেশ যেন দর্শকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই সোনালি যুগে।
advertisement
advertisement
বাগানবাড়ির বর্তমান মালিক এসকে মফিজুল ইসলামের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে এখানে মহানায়কের একটি মূর্তি স্থাপনেরও। জন্মশতবর্ষ উপলক্ষে এ’বছরই সংগ্রহশালাটির আনুষ্ঠানিক উদ্বোধনের লক্ষ্য নেওয়া হয়েছে । সেক্ষেত্রে উত্তম কুমারের পরিবারের কোনও সদস্যের হাতেই উত্তম সংগ্রহশালার দ্বারোদ্ঘাটন হতে পারে বলেও জানা যায়। এলাকার বাসিন্দাদের দাবি, মহানায়কের স্মৃতিবিজড়িত এই বাগানবাড়িকে সংরক্ষণ করায় তাঁরা গর্বিত। ইতিমধ্যেই জেলার ভ্রমণপ্রেমী ও উত্তম-অনুরাগীদের কাছে জায়গাটি বিশেষ আকর্ষণীয় হয়ে উঠছে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 25, 2026 11:46 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mahanayak Uttam Kumar: দত্তপুকুরে উত্তম কুমারের স্মৃতি বিজড়িত বাগানবাড়ি 'ভ্রমর'-এ মহানায়কের অনন্য সংগ্রহশালা








