Mamata Banerjee: 'আমি মামলা করেছিলাম বলেই ৩২ লাখ মানুষের নাম ভোটার তালিকায় উঠেছে!' বড় দাবি মমতার! ফের যাবেন সুপ্রিম কোর্টে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: ভবানীপুরে মনোনয়ন জমা দেওয়ার পর নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: এসআইআরে বিচারাধীন নামের নিষ্পত্তি শেষে সোমবার মাঝরাতে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা গিয়েছে, বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের একটু বেশি ‘যোগ্য’ ভোটার বলে বিবেচিত হয়েছেন। বাকি ২৮ লক্ষের নাম বাদ পড়েছে। এখন এই বাদ পড়াদের তালিকায় ঠিক কারা? সব কি মৃত ভোটার অথবা অবৈধ? তার চুলচেরা হিসেব দেয়নি কমিশন। এই অবস্থায় দাঁড়িয়ে ফের একবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করে মমতা বলেন, “আমি ব্যথিত কারণ অসংখ্য মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। ১.২ কোটি ভোটারের মধ্যে মাত্র ৩২ লক্ষ নাম বহাল রাখা হয়েছে। এটাও সম্ভব হয়েছে কারণ আমি সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম বলে। প্রথম দফায় ৫৮ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। সেই অধ্যায়টা এখনও শুরুই হয়নি। অবশ্যই কিছু ডুপ্লিকেট ভোটার বা যারা মৃত তাদের নাম বাদ যাবে।”
advertisement
advertisement
মমতা যোগ করেন, “কিন্তু ২৭ লক্ষেরও বেশি ভোটার যাঁরা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন, তাঁদের নাম ভোটার তালিকায় বহাল করা এখনও বাকি আছে। আমি মনে করি যে তাঁদের ভোটাধিকার দেওয়া উচিত। সুপ্রিম কোর্টও বলেছে যে যাঁরা বিবেচনাধীন তালিকায় রয়েছেন, তাঁরা প্রকৃত ভোটার। যাদের নাম এখনও বহাল করা হয়নি তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করবেন। এই প্রক্রিয়া স্থগিত রাখার মানে কী? আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
advertisement
এদিকে, আরামবাগ থেকে সরাসরি নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মমতা বলেন, ‘বাংলাকে আবার পাকিস্তানকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, তখন কেন মুখে লিউকোপ্লাস্ট দিয়ে রাখেন মোদিবাবু?’, বুধবার আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্সের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 08, 2026 4:12 PM IST










