Kunal Ghosh | Dilip Ghosh: জোরকদমে উঠল দিলীপ ঘোষের গ্রেফতারির দাবি, প্রসন্ন রায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে উঠছে প্রশ্ন
- Written by:VENKATESHWAR LAHIRI
- Published by:Suman Biswas
Last Updated:
Kunal Ghosh | Dilip Ghosh: সিবিআই চিহ্নিত মিডিলম্যানের সাথে লেনদেনের পরেও কেন তদন্তের বাইরে দিলীপ ঘোষ? সুর চড়ালেন কুণাল ঘোষ।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- 'সিবিআই-ইডি আসল দুর্নীতিগ্রস্তদের গ্রেপ্তার করছে না, বেছে বেছে শুধুমাত্র তৃণমূলীদের হেনস্থা করছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চিহ্নিত মিডিলম্যানের সাথে লেনদেনের প্রমাণ মিললেও দিলীপ ঘোষকে কেন গ্রেফতার করা হচ্ছে না'? এই প্রশ্ন তুলেও এবার দিলীপ ঘোষের গ্রেফতারের দাবিতে সরব হলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ।
প্রসন্ন রায়ের সঙ্গে দিলীপ ঘোষের কী সম্পর্ক? এই প্রশ্নের উত্তর জানতে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক। দাবি কুণাল ঘোষের। 'নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রসন্নর সঙ্গে দিলীপ ঘোষের সম্পত্তির লেনদেনের প্রমাণ পাওয়া গেলেও বিজেপি নেতা বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিলীপ ঘোষকে গ্রেপ্তার করার সাহস দেখাতে পারছে না। সিবিআই, ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংবাদমাধ্যমের সামনে নয়, তাঁকে হেফাজতে নিয়ে তদন্তকারীরা দিলীপ ঘোষের বয়ান লিপিবদ্ধ করুক'।
advertisement
advertisement
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবিও জানান কুণাল ঘোষ। মঙ্গলবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের গ্রেফতারির দাবি তুলেছিলেন। বুধবার দিলীপ ঘোষের নাম না করে একই দাবি তোলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি-কাণ্ডে ধৃত 'মিডলম্যান' প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের একটি বাড়ির দলিল উদ্ধার হয়। তারপরই শোরগোল পড়ে যায়। যদিও পাল্টা দিলীপ ঘোষ বলেছিলেন, ''কারও বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি।'' আর মুখ্যমন্ত্রীর দাবির পর ফের আসরে নামলেন দিলীপ। এবার বললেন, ''উনি গ্রেফতার করতে পারেন তো। উনি পুলিশ মন্ত্রী। দম থাকলে করে দেখান। চোরেদের পার্টিকে চালাচ্ছেন, আর আমার দিকে আঙুল তুলছেন।''
advertisement
উল্লেখ্য, দিলীপের দলিলের বিষয়টি প্রকাশ্যে আসার পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপি সাংসদের গ্রেফতারির দাবি তুলেছিলেন। তাৎপর্যপূর্ণ ভাবে এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতার গ্রেফতারির দাবি তোলেন। আর বুধবার আসরে নামেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে মমতা বলেন, ''অর্পিতার বাড়ি থেকে টাকা পেয়েছে, তুমি গ্রেফতার করেছ৷ আপনার নেতার দলিল পাওয়া যাচ্ছে অভিযুক্তর বাড়ি থেকে, তাঁকে কেন আইনত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।'' ফের দিলীপ ঘোষের গ্রেপ্তারের দাবিতে সুর চড়াল তৃণমূলের কুণাল।
Location :
First Published :
Nov 20, 2022 8:20 AM IST







