Kolkata Accident: ফোর্ট উইলিয়ামের সামনে ওভারটেক-এর জেরে দুর্ঘটনা, বাসের নীচে ঢুকে গেল স্কুটি, গুরুতর জখম ১
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ফোর্ট উইলিয়ামের সামনে ওভারটেক করার সময় ভয়াবহ দুর্ঘটনা। একটি বাসের নিচে ঢুকে যায় স্কুটি, ঘটনায় গুরুতর জখম হন এক আরোহী। কলকাতার ব্যস্ত রাস্তায় ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, তদন্তে নেমেছে পুলিশ।
কলকাতা: ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনা। সজোরে স্কুটারকে ধাক্কা বাসের। ধর্মতলাগামী একটি বাস ধাক্কা মারে স্কুটারে, বাসের নীচে ঢুকে যায় স্কুটারটি। আহত স্কুটারে থাকা ১ জন।
জানা যায়, রেড রোডের ফোর্ট উইলিয়ামের সামনে বাটানগর-ধর্মতলা রুটের একটি বাস ধাক্কা মারে এক স্কুটি চালককে। স্কুটিতে দু’জন ছিলেন। দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসটিকে স্কুটি ওভারটেক করতে গিয়েই বাসের চাকার নীচে ঢুকে যায় স্কুটি।
চলতি বছর জানুয়ারি মাসেও দুর্ঘটনা ঘটে রেড রোডে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই লরি সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের রেলিংয়ে। রেলিংয়ের বেশ কিছুটা অংশ ভেঙে যায়। দুমড়েমুচড়ে যায় লরিটিও। চালক ভিতরে আটকে পড়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরির জানলা কেটে তাঁকে উদ্ধার করে বলে খবর। জানা যায়, কুয়াশায় ঢাকা ছিল রাস্তা। রেড রোড ধরে তীব্র গতিতে ছুটে আসছিল মালবোঝাই একটি লরি। উলটোদিক থেকে আসছিল একটি বাস। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়ে মুখোমুখি পড়ে যাওয়ায় লরিচালক বেগ নিয়ন্ত্রণ করতে গেলেও ব্যর্থ হন। লরিটি সজোরে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা দিয়ে আরও খানিকটা এগিয়ে যায়।
advertisement
advertisement
গতবছর ডিসেম্বর মাসেও ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনা ঘটে। ফোর্ট উইলিয়ামের কাছে ক্যাসুরিনা রোডে একটি সরকারি বাস সজোরে ধাক্কা মারে একটি গাড়িকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অফিস টাইম হওয়ায় ক্যাসুরিনা রোডে যান চলাচল তখন তুলনামূলক বেশি ছিল। আচমকাই বাসটির সামনে চলে আসে একটি ছোট গাড়ি এবং ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে সজোরে ব্রেক কষেন বাস চালকও। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি, ফলে গাড়িটির পিছনে বাসটি ধাক্কা মারে। ছোট গাড়িটি তারাতলা থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে যাচ্ছিল।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 08, 2026 1:20 PM IST











