কীভাবে ট্রাকে করে লোক ঢুকল এনআরএসে? কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর
Last Updated:
#কলকাতা: মৃত্যুর খবর শুনেই হুমকি দিয়েছিলেন রোগীর আত্মীয়রা। ট্রাক ভর্তি লোক এসে পিটিয়েছিলেন চিকিৎসকদের। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে এনআরএসের ডাক্তার-পেটানোর ঘটনা বিস্তারিত জানালেন আন্দোলনকারীরা। সব শুনে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে রুখতেই হবে এমন অপ্রীতিকর ঘটনা।
১০ জুন রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ডাক্তারদের মারধর করেন রোগীর আত্মীয়-পরিজনরা। তাতেই গুরুতর আহত হন এনআরএসের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে সপ্তাহব্যপী অচলাবস্থার সূত্রপাত এখান থেকেই। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে, সেই ঘটনা বিস্তারিত জানালেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
advertisement
গত সোমবার মৃত্যুর খবর পেয়েই হুমকি দেন রোগীর আত্মীয়রা। কিছুক্ষণ পর হাসপাতালে ফিরে এসে হামলা চালান। প্রশ্ন থামিয়ে মুখ্যমন্ত্রী জানতে চান, হুমকি দেওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে জানানো হয়েছিল কিনা। জবাবে জুনিয়র ডাক্তাররা বলেন, সেসময় পুলিশ সামনেই ছিল। কিন্তু বলা সত্ত্বেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি।
advertisement
এরপরই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, এরকম অনেক ঘটনা আমি দেখেছি। ট্রাকে করে লোক আসছে দল বেঁধে। সেখানেই তো তাদের আটকানো উচিত ছিল। তদন্ত হচ্ছে। আমরা বিষয়টি দেখছি।
advertisement
এনআরএসের ঘটনার পর রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, কতজনকে গ্রেফতার করেছে, কী কী ধারায় মামলা হয়েছে, এদিন ফের তা আন্দোলনকারীদের সামনে জানান মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে প্রতিশ্রুতি দেন, সবার আগে দেখতে হবে হাসপাতালে যাতে আর একটাও হামলার ঘটনা না ঘটে। ফের এমন ঘটলে পুলিশ-প্রশাসন যে দ্রুত পদক্ষেপ করবে, আন্দোলনকারী ডাক্তারদের সেই আশ্বাসও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Location :
First Published :
Jun 17, 2019 8:09 PM IST








