Suvendu Adhikari: 'ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে!' শুভেন্দুর প্রচারের আগে মমতার কেন্দ্রে স্লোগান বিজেপি-র
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের মতো এবার রাজ্যের সবথেকে হাইভোল্টেজ লড়াই হতে চলেছে ভবানীপুরে৷
শুভেন্দু অধিকারীকে রাজ্যের হবু মুখ্যমন্ত্রী হিসেবে ভবানীপুরে প্রচার শুরু করল বিজেপি৷ এ দিন ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতার প্রচার শুরুর আগে ভবানীপুরে বিজেপি-র পক্ষ থেকে স্লোগান দিয়ে বলা হয়, ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে৷
এ দিন বিকেলে ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭৪ এবং ৮২ নম্বর ওয়ার্ডে প্রচার করেন শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর প্রচার চলাকালীন অবশ্য এ দিনও সাময়িক উত্তেজনা ছড়ায় ভবানীপুরে৷ এ দিনও শুভেন্দুকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল সমর্থকরা৷ পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি-ও৷ যদিও তৃণমূলের স্লোগানকে গুরুত্ব না দিয়েই বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী৷
advertisement
বুধবার শুভেন্দু প্রচারের আগেই ভবানীপুরে বিজেপি-র পক্ষ থেকে মাইকে প্রচার করা হয়, ‘ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে৷ আপনারা সেই ভাগ্যবান ভোটার যাঁদের ভোটে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন৷ এর আগের বারের মুখ্যমন্ত্রী আপনারাই নির্বাচিত করেছেন, নতুন যিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তাঁকেও আপনারাই নির্বাচিত করবেন৷ সেই শুভেন্দু অধিকারী আপনাদের বাড়ি বাড়ি আসছেন৷’
advertisement
advertisement
২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১১ সাল থেকেই ভবানীপুর কেন্দ্রের বিধায়ক মমতা৷
আগামিকাল ভবানীপুর কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর মনোনয়নে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷ ফলে এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারীকে যে বিজেপি আলাদা গুরুত্ব দিচ্ছে, তা স্পষ্ট৷ এবার ভবানীপুরের প্রচারে শুভেন্দুকে হবু মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে বিষয়টিকে আলাদা মাত্রা দিল বিজেপি৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 7:55 PM IST










