Panihati Assembly Seat: আরজি কর আন্দোলনের অন্যতম মুখ কলতানই এবার তাঁর প্রতিপক্ষ!'আমি জিতলে পানিহাটি জিতবে', বললেন অভয়ার মা
- Published by:Debamoy Ghosh
Last Updated:
কয়েকদিন আগে বিজেপি-র প্রার্থী হতে চাওয়ার কারণ হিসেবে অভয়ার মা জানিয়েছিলেন, মেয়ের জন্য ন্যায়বিচার পেতে হাতে ক্ষমতা প্রয়োজন৷
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সিপিএমের যে ছাত্র এবং যুবনেতারা আন্দোলনের সামনের সারিতে ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কলতান দাশগুপ্ত৷ আরজি কর আন্দোলন শুরু হওয়ার পর চিকিৎসকদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্র করার অভিযোগে তাঁকে গ্রেফতারও করেছিল কলকাতা পুলিশ৷ সেই কলতান দাশগুপ্তের বিরুদ্ধেই এবার পানিহাটিতে ভোটের লড়াইয়ে নামলেন আরজি কর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের মা৷
পানিহাটি কেন্দ্রে এ দিন তাদের প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করেছে বিজেপি৷ এই কেন্দ্রে আগেই কলতান দাশগুপ্তকে প্রার্থী করেছে বামফ্রন্ট৷ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ৷
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এ দিন অভয়ার মা বলেন, ‘প্রার্থী হওয়াটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের৷ আমি জিতলে পানিহাটিবাসীর জয় হবে৷ লড়াইটা হয়তো আমি করব, কিন্তু জিতবে পানিহাটির মানুষই৷ আমার মেয়ে রোগীদের দেখে এসে বলত, মা কারও কাছে কিছু চাইতে নেই, দিতে হয়৷ সুযোগ পেলে আমিও সেই চেষ্টাই করব৷’
advertisement
advertisement
অভয়ার মা জানিয়েছেন, পানিহাটি কেন্দ্র থেকে জয় পেলে সবার আগে নারী সুরক্ষার উপরেই জোর দিতে চান তিনি৷ পাশাপাশি রাস্তার বেহাল অবস্থা, নিকাশী সমস্যা, জঞ্জাল অপসারণের মতো পানিহাটি এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলির তিনি সমাধান করতে চান বলেও জানিয়েছেন অভয়ার মা৷
অভয়ার বাবা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামবেন তাঁরা৷ যদিও অভয়ার মায়ের প্রার্থী হওয়া নিয়ে প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2026 11:24 PM IST









