Russia News: শীতে জমে যাওয়া বৈকাল হ্রদ থেকে ৭ পর্যটকের দেহ উদ্ধার! যা ঘটল, শুনে শিউরে উঠছে গোটা বিশ্ব
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Russia News: বিশ্বের গভীরতম হ্রদ রাশিয়ার বৈকাল হ্রদে মিলল ৭ চিনা পর্যটকের দেহ। কীভাবে ঘটল এমন ঘটল, খতিয়ে দেখছে প্রশাসন।
মস্কো: সাইবেরিয়ার বৈকাল হ্রদ থেকে সাত চিনা পর্যটক ও এক রুশ চালকের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। শীতে জমে যাওয়া এই হ্রদের ওপর দিয়ে চলতে গিয়ে তাঁদের বহনকারী একটি মিনিবাস হঠাৎ বরফ ভেঙে নিচে তলিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। রুশ কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন।
রাশিয়ার ইরকুতস্ক শহরের গভর্নর ইগর কোবজেভ নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। গত শুক্রবারের এই দুর্ঘটনায় মিনিবাসটি হ্রদের প্রায় ১৮ মিটার (৫৯ ফুট) গভীরে তলিয়ে যায়। বাস ও মরদেহ খুঁজে পেতে ডুবুরিদের জলের নিচে ব্যবহারযোগ্য বিশেষ ক্যামেরা ব্যবহার করতে হয়েছে।
বিশ্বের গভীরতম হ্রদ হিসেবে পরিচিত বৈকালের সর্বোচ্চ গভীরতা ১ হাজার ৬৪২ মিটার (৫ হাজার ৩৮৭ ফুট)। প্রচণ্ড শীতের সময় এ হ্রদের জল অনেকটাই বরফ হয়ে যায় এবং নানা দুর্ঘটনা ঘটে। তবু এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। গভর্নর কোবজেভ বলেন, মিনিবাসটি শুক্রবার প্রায় তিন মিটার চওড়া একটি বরফের ফাটলে পড়ে যায়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে বলেন, ‘আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, এই মুহূর্তে বৈকাল হ্রদের বরফের ওপর ভ্রমণে যাওয়াটা শুধু নিষিদ্ধই নয়, প্রাণঘাতীও।’
advertisement
advertisement
পর্যটকদের বৈকালে ভ্রমণের ক্ষেত্রে অনুমোদিত ভ্রমণ পরিচালনাকারী ছাড়া অন্য কারও সহায়তা না নেওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নর। কোবজেভ আরও বলেন, নিহত চিনা পর্যটকদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরও ছিল। পর্যটকদের সবাই নিজেদের উদ্যোগে ভ্রমণে গিয়েছিলেন। এই ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে একটি তদন্ত শুরু হয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি পোস্ট দিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন গভর্নর। তিনি লেখেন, ‘দুঃখজনক বিষয়, এ মর্মান্তিক ঘটনা থেকেও মানুষ শিক্ষা নেয়নি। শুক্র ও শনিবার পৃথক দুটি ঘটনায় বরফে আটকে পড়া গাড়ি থেকে ছয়জনকে উদ্ধার করতে হয়েছে।’ এর আগে জানুয়ারির শেষ দিকে জমাট বাঁধা বৈকাল হ্রদের ওপর চলতে গিয়ে একটি গাড়ি উল্টে এক চিনা পর্যটকের মৃত্যু হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 22, 2026 10:00 AM IST









