NASA : জলীয় বাষ্পের হদিশ দূরবর্তী গ্রহে! একের পরে এক বিস্ময় ধরা পড়ল নাসার জেমস ওয়েব টেলিস্কোপে
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
NASA : ছবিতে তারামণ্ডলী ও ছায়াপথের যে আলোকরশ্মির বিচ্ছুরণ দেখা যাচ্ছে তা শত শত কোটি বছর পাড়ি দিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে।
#নয়াদিল্লি: সোমবার একটি ছবি প্রকাশ করে আলোড়ন ফেলে দিয়েছিল নাসা (NASA)-র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope)। সোমবার এই ওয়েব টেলিস্কোপ ১৩ বিলিয়ন বছর পিছনে ফিরে মহাবিশ্বের ছবি প্রকাশ করেছে। এটাই এখনও পর্যন্ত মহাবিশ্বের প্রাচীনতম অবস্থার সবচেয়ে ভালো ছবি। এই ছবিতে তারামণ্ডলী ও ছায়াপথের যে আলোকরশ্মির বিচ্ছুরণ দেখা যাচ্ছে তা শত শত কোটি বছর পাড়িদিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে। এবার মঙ্গলবার আরও একটি ছবি প্রকাশ করেছে নাসা। তাতে একটি দূরবর্তী গ্যাস গ্রহের (Gas Planet) বায়ুমণ্ডলে জলীয় বাষ্প (Water Vapor) দেখা যাচ্ছে। ডব্লুএএসপি-৯৬ বি (WASP-96 b) নামের একটি গ্রহের বিস্তারিত তথ্যও প্রকাশ করেছে নাসা। এই গ্রহটি ২০১৪ সালে আবিষ্কার হয়েছিল।
নাসা-র প্রকাশ করা ছবিতে স্টিফানের কুইন্টেট (Stephan's Quintet) দেখা গিয়েছে, যা পাঁচটি গ্যালাক্সির একটি ভিজ্যুয়াল গ্রুপিং। প্রায় হাজারটি আলাদা আলাদা ছবিকে এক করে একটি ছবি তৈরি করা হয়েছে। পৃথিবী থেকে প্রায় ১,১৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত ডব্লুএএসপি-৯৬ বি গ্রহটির ভর বৃহস্পতির প্রায় অর্ধেক। এছাড়াও এটি সূর্যের মতো নক্ষত্রকে ৩.৪ দিনে প্রদক্ষিণ করে। নাসা-র বিজ্ঞানী নাইকোল কোলন (Knicole Colon) বলেছেন, "যখন কোনও গ্রহ এবং এর বায়ুমণ্ডল তারার সামনে চলে যায় এবং তারার আলো বায়ুমণ্ডলের মাধ্যমে ফিল্টার করে, তখন আমরা কী ঘটে তার প্রভাব দেখেছি এবং এটাকে আলোর তরঙ্গদৈর্ঘ্যে ভেঙে ফেলতে পারে। সুতরাং আপনি আসলে এমন ঝাঁকুনি এবং নড়াচড়া দেখছেন যা গ্রহের পরিবেশে জলীয় বাষ্পের উপস্থিতি নির্দেশ করে।"
advertisement
নাসা আরেকটি ছবি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে এনজিসি ৩৩২৪ (NGC 3324) নামের ক্যারিনা নেবুলার (Carina Nebula) একটি নক্ষত্রগঠন অঞ্চল, বলা যেতে পারে অজস্র তারার আঁতুড়ঘর এবং এই ছবিতে ‘পাহাড়’, ‘উপত্যকা’ সব ঝকমকে নক্ষত্রে ঢাকা। হাজার হাজার ছায়াপথের একটি শটের ছবিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে কিছু অস্পষ্ট বস্তুর বৈশিষ্ট্য। গ্যালাক্সি ক্লাস্টার এসএমএসিএস ০৭২৩ (SMACS 0723) দেখা যাচ্ছে ছবিতে। যা ওয়েবস ফার্স্ট ডিপ ফিল্ড (Webb's First Deep Field) নামেও পরিচিত। যা একটি মহাকর্ষীয় লেন্স হিসাবে কাজ করে। ছবিটি বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে তোলা বিভিন্ন চিত্র থেকে তৈরি একটি যৌগ।
advertisement
advertisement
এক হাজার কোটি ডলার মূল্যের এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করা হয়েছিল গত বছর ২৫ ডিসেম্বর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, কানাডার মহাকাশ গবেষণা সংস্থা ও ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার যৌথ প্রচেষ্টায় নির্মিত এই মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রটি হাবল দূরবীক্ষণ যন্ত্রটির উত্তরসূরী হিসেবে মহাকাশে পাঠানো হয়েছে। ফরাসি গায়ানার (French Guiana) কুরু শহরে অবস্থিত গায়ানা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণের পরে ওয়েব প্রায় ৩০ দিন যাত্রা সম্পন্ন করে পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরত্বে দ্বিতীয় লাগ্রঁজীয় পয়েন্টে (Second Lagrange Point) পৌঁছে যায়। এই পয়েন্টটি হল সেই দূরত্ব যেখানে পৃথিবী ও সূর্যের অভিকর্ষের প্রভাব যে কোনও বস্তুর উপর একই থাকে। এর কারণে বস্তুটি স্থিতিশীল হয়ে যায়। তাই জ্বালানি কম লাগে। এটি এখনও পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বৈজ্ঞানিক প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 13, 2022 5:50 PM IST









