Awami League: ক্ষমতায় বিএনপি, এবার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আওয়ামি লীগের উপর থেকে? জানিয়ে দিলেন নতুন মন্ত্রী! তোলপাড় বাংলাদেশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Awami League: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসতেই এবার বাংলাদেশে জল্পনা শুরু হয়েছে, এবার কি নিষেধাজ্ঞা উঠে যাবে আওয়ামি লীগের উপর থেকে?
ঢাকা: বাংলাদেশে কি এবার আওয়ামি লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে? আওয়ামি লীগ হীন নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বিএনপি। আর তারপর থেকেই জল্পনা ছড়ায়, এবার কি নিষেধাজ্ঞা উঠে যাবে আওয়ামি লীগের উপর থেকে? এবার সেই জবাব দিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিভিন্ন স্থানে আওয়ামি লীগের কার্যালয় খোলার যে প্রসঙ্গ, সেটিকে আইনগতভাবে দেখা হবে। সোমবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই কথা বলেন মির্জা ফখরুল।
সাংবাদিকেরা প্রশ্ন করেন, বিভিন্ন স্থানে আওয়ামি লীগের অফিসগুলো খোলা হচ্ছে—এই বিষয়ে সরকারের অবস্থান কী? উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এই প্রথম বিএনপি-র কোনও মন্ত্রী বা জ্যেষ্ঠ নেতা এই কার্যালয়ে যান। সকাল সাড়ে ১০ টায় নয়াপল্টন অফিসে যান বিএনপি মহাসচিব। সেখানে দলটির নেতা-কর্মীরা মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
advertisement
পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় মির্জা ফখরুল বলেন, নয়াপল্টনে বিএনপির এই কার্যালয় থেকে বিগত সময়ে সবচেয়ে বেশি আন্দোলন ও কর্মসূচি পালন করা হয়, যার নের্তৃত্বে ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মির্জা ফখরুল বলেন, এই কার্যালয় থেকে দেওয়া কর্মসূচিগুলো জনগণকে অনুপ্রাণিত করেছিল।
advertisement
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সঠিক সময়ে সরকারি নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল বলেন, ‘কতগুলো নিয়মকানুন আছে সরকারি। সরকারি এবং যে সব প্রথা আছে, সেগুলো কতগুলোর মেয়াদ আছে, কতগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে সরকারের তরফ থেকে একটি সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করব। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।’
advertisement
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি কাদের মনোনয়ন দেবে, এমন প্রশ্নোত্তরে মির্জা ফখরুল বলেন, ‘তাঁদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতি ও দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যাঁরা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, তাঁদের প্রাধান্য দেওয়া হবে।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 23, 2026 1:13 PM IST










