
১৪ ফেব্রুয়ারি নয়, রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি৷ মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন৷ গত সোমবার সুপ্রিম কোর্ট এসআইআর মামলায় যে নির্দেশ দিয়েছে, তার জেরেই পিছিয়ে গেল রাজ্যের এসআইআর প্রক্রিয়া৷ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি প্রক্রিয়া চলবে৷ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নথি আপলোড এবং নিষ্পত্তি অর্থাৎ স্ক্রুটিনির প্রক্রিয়া চলবে৷ এতদিন ঠিক ছিল আগামী ১৪ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে৷ যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের পরই স্পষ্ট হয়ে যায়, রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছোতে চলেছে৷