সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় তেমনই এক সংগ্রামী নারীর নাম লক্ষ্মীদেবী। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর স্যান্ডেলের বিল এলাকার বাসিন্দা তিনি। স্বামীর শারীরিক অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। ফলে সংসারের দায়িত্ব এসে পড়েছে লক্ষ্মীর কাঁধে। কিন্তু সেই দায়িত্ব থেকে পিছিয়ে না গিয়ে বরং লড়াইকে নিজের শক্তি বানিয়েছেন তিনি। প্রতিদিন ভোরে ঘরের কাজ সেরে ব্যাটারিচালিত গাড়িতে করে সবজি নিয়ে বেরিয়ে পড়েন লক্ষ্মী। লেবুখালি, বাঁকড়া ডোবোর, আমবেড়িয়া, স্যান্ডেল বিল-সহ একাধিক এলাকায় ঘুরে ঘুরে বাড়ির দরজায় দরজায় সবজি বিক্রি করেন। গ্রামের মানুষও এখন তার অপেক্ষায় থাকেন। বিশেষ করে এলাকার মহিলারা প্রতিদিন তাকিয়ে থাকেন—“লক্ষ্মী দিদি কবে আসবে?” কারণ তার হাত ধরেই ঘরে পৌঁছে যায় তাজা সবজি।
advertisement
আরও পড়ুন : ৩ দিনের বাসি সম্বর পরিবেশন নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার পরিণতিতে নিজেকেই শেষ করে দিলেন গৃহবধূ
প্রায় চল্লিশের কোঠায় বয়স হলেও দারিদ্র আর অভাবকে সঙ্গে নিয়েই সংসারের হাল শক্ত হাতে ধরেছেন লক্ষ্মী। ছেলেমেয়েদের মুখে অন্ন তুলে দেওয়াই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য। নারী দিবসের দিনে লক্ষ্মীর মতো অসংখ্য নারীর গল্পই মনে করিয়ে দেয়—নারী মানেই শুধু কোমলতা নয়, নারী মানেই সাহস, দায়িত্ব আর প্রতিদিনের লড়াই।