ভোট বড় বালাই। ভোটের মুখে প্রার্থীদের নানা ছবি ফুটে উঠছে সোশ্যাল মিডিয়ার পাতায়। কোনও ছবিতে তাঁদের দেখা যাচ্ছে বিপক্ষের নেতা নেত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করতে, তো কখনও আবার নিজেই প্রচারে বেরিয়ে গৃহস্থের বাড়ির হেঁশেলে ঢুকে পড়ছেন প্রার্থী। কাউকে আবার দেখা গেল রীতিমতো উবু হয়ে বসে স্থানীয় ভোটারের দাঁড়ি কেটে দিতে। তবে এবার অভিনব প্রচারে নজর কাড়লেন তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই মুহূর্তে ভাইরাল।
advertisement
বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের মনোহরপুর থেকে শুরু করে অভিষেকের সভাস্থল দাঁতন ঘোলাই মোড় পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দৌড়ে পৌঁছলেন এই তৃণমূল প্রার্থী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে এই অভিনব উদ্যোগ নেন রামজীবন মান্ডি। দৌড়ানোর পাশাপাশি পথচলতি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতেও দেখা যায় তাঁকে।
এদিন সকাল থেকেই তাঁর এই ব্যতিক্রমী প্রচার ঘিরে এলাকায় চর্চা শুরু হয়। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এই উদ্যোগকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। নির্বাচনের আবহে তৃণমূল প্রার্থীর এই অভিনব ‘দৌড়-প্রচার’ কার্যত নজর কাড়ল সকলেরই। যদিও ভোট বাক্সে এর প্রভাব কতটা পড়বে তা জানতে অপেক্ষা করতে হবে সেই ৪ মে পর্যন্ত।
