যেমন, আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ প্রচারে বেরিয়ে সাধারণ মানুষকে চাটাই বুনতে দেখে তিনি তা হাতে তুলে নেন, তার পর নিজেই চাটাই বুনতে শুরু করেন। খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়কে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় বসে মাটির উনুনে ডিম ভাজতে দেখা গেল। আবার পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি, বাড়ি বাড়ি প্রচারের সময় বৃদ্ধা ভোটারের সঙ্গে মাটির দাওয়ায় বসে শাক বাছলেন। অন্যদিকে গোঘাট বিধানসভার তৃণমূল প্রার্থী নির্মল মাঝির গলায় চমকপ্রদ প্রতিশ্রুতি। বিধায়ক নির্বাচিত হলে তিনি গোঘাটের গড় মান্দারণ পর্যটন কেন্দ্রে হাতি, হরিণ, জিরাফ, জেব্রা ছাড়ার প্রতিশ্রুতি দিলেন।
advertisement
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক প্রচারের এক ভিন্ন ছবি নজর কেড়েছে সাধারণ মানুষের। প্রচারের চিরাচরিত ধারা ভেঙে খেলোয়াড়ের পোশাকে জাতীয় সড়কে দৌড়ে জনসংযোগ সারলেন কেশিয়াড়ির তৃণমূল প্রার্থী রামজীবন মাণ্ডি। প্রায় ১২ কিলোমিটার দৌড়ে তিনি পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভাস্থলে। বুধবার দাঁতনের ঘোলাই এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে মনোহরপুর থেকে দাঁতন বাজার হয়ে দৌড় শুরু করেন রামজীবন মাণ্ডি। পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের কাছে পৌঁছে দেন স্বাস্থ্য সচেতনতার বার্তা, পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে সমর্থনের আহ্বান জানান।
শুভদীপ ঘোষ, আরামবাগ,হুগলি
