Purulia Inspiring Story: সকালে শিল্পী, চলে মুখোশ তৈরির কাজ, রাতে বইয়ের পাতায় নার্স হওয়ার স্বপ্ন। মুখোশ তৈরি করে উপার্জনের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন পুরুলিয়ার নীলিমা। অভাবের সংসারে নীলিমার এই অদম্য জেদ আজ এক অনন্য দৃষ্টান্ত।
বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বর্তমান প্রজন্মের নারীরা অসীম ক্ষমতার অধিকারী। তারা একাধারে যেমন রাঁধতে জানে, তেমন চুলও বাঁধতে জানে। কারণ নারীর ইচ্ছা শক্তির সামনে সমস্ত বাধা তুচ্ছ হয়ে ওঠে। এমনই এক শক্তিশালী নারী পুরুলিয়ার ভূমিকন্যা নীলিমা মুড়া। বহু প্রতিকূলতার সম্মুখীন হয়েও কখনও হার মেনে নেননি তিনি। দিনের বেলায় করেন মুখোশ তৈরির কাজ, আর রাত হলেই চলে পড়া লেখা। পরিবারের পাশে দাঁড়ান, পাশাপাশি নিজের পড়াশোনার দায়িত্ব সম্পূর্ণ নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি। যদিও পরিবার তাকে সমস্ত দিক থেকে সহযোগিতা করে।
advertisement
এই বিষয়ে নীলিমা মুড়া বলেন, ছোটবেলা থেকেই তিনি মুখোশ শিল্পের কাজ করছেন। সকালে মুখোশ তৈরি করেন ও রাতে পড়াশোনা করেন। এই মুখোশের টাকা দিয়েই তাদের সংসার চলে। এরই পাশাপাশি চলে তার পড়াশোনার খরচ। পরিবারের সকলে তার পাশে দাঁড়ান। তার কাজে সহযোগিতা করেন। আগামী দিনে নার্স হওয়ার স্বপ্ন রয়েছে তার। সেই স্বপ্ন নিয়েই তিনি এগিয়ে চলেছেন।
মেয়ে যে-ভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে তাতে গর্বিত বাবা লখু মুড়া। মেয়ের সাফল্য তাকে অনেকটাই আনন্দ দেয়। আগামী দিনের মেয়ের পাশে থাকার কথা বলেন তিনি।
প্রবল ইচ্ছে শক্তি ও মনের জোড়ের বলে সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে নীলিমা। মুখোশ তৈরি করে সংসারের হাল যেমন ধরেছে, তেমনই পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছি সে। আজ বহু মেয়ের অনুপ্রেরণা তিনি।