এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, লোকসভা ভোটে এগরায় বিজেপির লিড রয়েছে। সেই ব্যবধান এবার দ্বিগুণ হবে বলে দাবি করেন। তৃণমূল প্রার্থী তরুণ মাইতির নাম তুলে কটাক্ষ করে শুভেন্দুর দাবি, তৃণমূলের কর্মীরাই নাকি তাঁকে ভোট দেবেন না। পাশাপাশি তিনি দাবি করেন, “তৃণমূলের একাধিক নেতা নাকি গোপনে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। বলেন “এগরাতে আমাদের লিড আছে লোকসভা ভোটে। সেটা দ্বিগুণ হয়ে যাবে। তরুণ মাইতিকে তো (তৃণমূল প্রার্থী) তৃণমূলের লোকেরাই ভোট দেবে না। আমার তো ঘুম ভাঙায় এগরার তৃণমূলের নেতারা। তৃণমূলের নেতারা সকাল ৬টা ১০ মিনিটে মেসেজ করেন। মোবাইল ভর্তি। নামগুলো ৪ তারিখের পরে বলব।”
advertisement
তবে এখনই কারও নাম প্রকাশ করতে চাননি তিনি। বলেন, ভোটের ফল বেরোনোর পরে সব নাম সামনে আনবেন। পানিপারুল এলাকায় তৃণমূলের ভোট কমিয়ে দেওয়ার কথাও তাঁকে বলা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। সাংবাদিকদের মুখোমুখি করে বলেন, “আমায় বলেন, আর একটু জোর দিন। আমি যখন তাঁকে জিজ্ঞাসা করি, কী হবে? তখন বলেন, পানিপারুলে ৩ হাজার মাইনাস করব।” এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে শুভেন্দুর গলায় নরম সুর শোনা গেল।
তৃণমূল পরিচালিত এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েক। সরকারি জমি হস্তান্তর মামলায় জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত হয়েছেন। কিন্তু পৌর ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, ৮৪ দিন পর গত শুক্রবার পৌরসভায় প্রবেশ করেন। এদিন শুভেন্দুর গলায় স্বপন নায়েকের জন্য নরম সুর শোনা গেল। স্বপন নায়েক প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “স্বপন নায়েকের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধী রয়েছে। কিন্তু, তাঁর বিরুদ্ধে যেভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে, এগরার মানুষ ভাল ভাবে নেয়নি।”
একইসঙ্গে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু প্রসঙ্গ তিনি বলেন, “দুঃখজনক ঘটনা। অত্যন্ত বেদনাদায়ক। আমি যেতে পারিনি। হলদিয়ায় মনোনয়নে ছিলাম। আমার পক্ষ থেকে তমলুক পুরসভার বিরোধী দলনেত্রী যান। পুলিশের উচিত সঠিক তদন্ত করা।”





