তালসারির মর্মান্তিক দুর্ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক তত্ত্ব উঠে এসেছে৷ দুর্ঘটনার সঠিক কারণ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার মধ্যেই এবার মুখ খুললেন প্রয়াত অভিনেতার গাড়ির চালক এবং ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী বাবলু দাস৷
কলকাতার কাছাকাছি কোথাও শ্যুটিং থাকলে রাহুলের সঙ্গেই থাকতেন গাড়িচালক বাবলু দাস৷ চোখের সামনে অভিনেতার এই মর্মান্তিক পরিণতি যেন এখনও বিশ্বাস করতে পারছেন না বাবলু৷ সোমবার তমলুক হাসপাতালে তিনি জানান, রবিবার ভোর থেকেই তালসারির সমুদ্র সৈকতে জনপ্রিয় ওই বাংলা সিরিয়ালের শ্যুটিং শুরু হয়৷ বিকেল দিকে যে সময় দুর্ঘটনা ঘটে তখন শ্যুটিং প্রায় শেষ পর্যায়ে৷ বাবলু কথায়, শ্যুটিং প্রায় শেষ হয়ে এসেছিল৷ ওটাই শেষ দৃশ্য ছিল৷
advertisement
অভিনেতার গাড়ির চালক জানিয়েছেন, জল থেকে উদ্ধারের পর অভিনেতার মুখ দিয়ে জল বের করার চেষ্টাও করা হয়৷ বাবলু বলেন, ‘দাদাকে জল থেকে তোলার পর সমুদ্রে পাড়ে নিয়ে এসে শরীরে ঢুকে যাওয়া জল বের করার চেষ্টাও হয়েছিল৷ কিছুটা জলও বেরোয়৷ তখনও নিঃশ্বাস চলছিল৷ কিন্তু হাসপাতালে যখন নিয়ে আসা হল, তখন সব শেষ৷’
অভিনেতার গাড়ি চালক আরও জানিয়েছেন, সিরিয়ালের প্রোডাকশন ইউনিটের সদস্যরাই রাহুল এবং তাঁর সহ অভিনেত্রীকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন৷
