গুরু শিষ্যের এই লড়াই আবারও রাজ্য রাজনীতির শিরোনামে এনে দিয়েছে নন্দীগ্রামকে। নন্দীগ্রামের মাটির আটঘাট চেনেন পবিত্র কর। ফলে প্রচারে বিন্দুমাত্র কসুর করছেন না।
পালা বদলের ইতিহাস নন্দীগ্রাম বারবার রাজ্য রাজনীতির এপিসেন্টার হয়ে উঠেছে। ২০২৬ বিধানসভা নির্বাচনে যেন তার পুনরাবৃত্তি। নন্দীগ্রামে এবারের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে কড়া চ্যালেঞ্জ দিতে প্রস্তুত তারই একদা শিষ্য পবিত্র কর। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পরের দিন থেকেই নন্দীগ্রামের মাঠঘাট চষে ফেলছেন পবিত্র কর। পবিত্র করের হয়ে সম্প্রতি কর্মী সভা করে গিয়েছেন অভিষেক ব্যানার্জি। আর এদিন বাড়ি বাড়ি প্রচারে বেরলেন পবিত্র কর। বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত বলে জানান।
advertisement
এ বিষয়ে তিনি বলেন, “সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। মানুষজন এগিয়ে আসছে। আমার বলার আগেই সাধারণ মানুষ বলছেন, কোনও ভয় নেই। কোনও চিন্তা করবেন না আপনি জয়লাভ করছেন। সাধারণ মানুষের এভাবে এগিয়ে আসা থেকে আমি ১০০ শতাংশ নিশ্চিত জয় লাভ করব।” বিধানসভা নির্বাচনের আর কয়েকদিন পর এই ভোট গ্রহণ। মাঝে মাত্র আর কয়েকটা দিন বাকি। তার আগেই প্রচারে ঝড় তুলতে মরিয়া নন্দীগ্রামের মাটির ছেলে পবিত্র কর।
যদিও পবিত্র করকে বেশি আমল দিতে নারাজ শুভেন্দু অধিকারী। বিভিন্ন সভা থেকে তা বারবার তিনি বুঝিয়ে দিয়েছেন।
নন্দীগ্রামসহ রাজ্যবাসীর এখন চোখ নন্দীগ্রামের ভোটের দিকে। কারণ এবার নির্বাচনে নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীর শিষ্য অর্থাৎ পবিত্র করকে কতটা আপন করে নিতে পারে সেদিকেই লক্ষ্য রেখেছে। অন্যদিকে গুরু শিষ্যের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ের হাসি হাসবে সময়ই বলবে।