রবিবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে কালনার যোগীপাড়া এলাকায়৷ মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম সুরিজৎ সাহা৷
জানা গিয়েছে, রবিবার রাতে ডিউটি শেষ করে কালনা থানা থেকে বের হন সুরজিৎ৷ মোটরসাইকেল নিয়ে একটি অনুষ্ঠান বাড়ি থেকে আনতে যাওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু যোগীপাড়া এলাকায় কয়েকটি পথ কুকুর সুরজিৎকে তাড়া করে৷ কুকুরের কামড়ে দিতে পারে, এই আশঙ্কায় দ্রুত পালানোর চেষ্টা করেন সুরজিৎ৷ তখনই পিছন ফিরে তেড়ে আসা কুকুরের পিছন দিকে ফিরে তাকাতে যান সুরজিৎ৷ আর তা করতে গিয়েই রাস্তার ধারের একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা মারে সুরজিতের মোটরসাইকেল৷
advertisement
দুর্ঘটনার জেরে রাস্তার উপরে ছিটকে পড়েন সুরজিৎ৷ ওই সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা৷ যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ পরে কালনা থানার পুলিশ এসে ওই সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়৷
সুরজিতের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ সহকর্মীর এই পরিণতি মানতে পারছেন না কালনা থানার পুলিশকর্মীরাও৷ এলাকার বাসিন্দাদের অভিযোগ, অনেক দিন ধরেই এলাকায় পথ কুকুরের বাড়বাড়ন্ত শুরু হয়েছে৷ আচমকাই গাড়ি, মোটরসাইকেল অথবা সাইকেলের দিকে তেড়ে যায় কুকরগুলি৷ কুকুরের তাড়া খেয়ে পালাতে গিয়ে এর আগে ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে বলে অভিযোগ৷ কিন্তু কুকুরের তাড়ার জেরে যে এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে, তা ভাবতেও পারেননি কেউ৷
