সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় রাজ্যের বহু ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। সেই আশঙ্কা ও অনিশ্চয়তা নিয়েই জেলার বিভিন্ন প্রান্ত হাবরা, অশোকনগর, বারাসত, মধ্যমগ্রাম সহ একাধিক এলাকা থেকে মানুষ ছুটে আসছেন বারাসত জেলাশাসকের এই কার্যালয়ে। কারও হাতে পাসপোর্ট, কারও কাছে পেনশন সংক্রান্ত নথি, আবার কেউ এনেছেন আধার ও অন্যান্য প্রমাণপত্র। তবুও নাম ডিলিট হওয়ায় ক্ষোভে ফুঁসছেন অনেকে।
advertisement
আরও পড়ুনঃ সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম দৃশ্য! বিধাননগর নর্থে প্লে-স্কুলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
লাইনে দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, এত বছর ধরে ভোট দিয়ে আসছি, আজ প্রমাণ দিতে হবে আমরা দেশের নাগরিক কি না! কারও পরিবারের একজনের নাম তালিকায় থাকলেও অন্য সদস্যদের নাম কাটা গেছে। কোথাও মায়ের নাম রয়েছে, কিন্তু সন্তানের নাম বাদ। অফিস-কাছারি ও ব্যবসার কাজ ফেলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ। কেউ কেউ মাটিতে বসেই আবেদনপত্র পূরণ করছেন।
জেলাশাসক দফতরের পাঁচতলায় ডিসিসি রুমে যোগাযোগ করার নির্দেশ দিয়ে পোস্টার টাঙানো হয়েছে ডিলিট হওয়া ভোটারদের সহায়তার জন্য। সেখানে গিয়ে আবেদন জানাচ্ছেন বহু মানুষ। যদিও এ বিষয়ে জেলাশাসকের তরফে কোনও আধিকারিক সরাসরি প্রতিক্রিয়া দেননি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই নাম সংশোধন প্রক্রিয়া চলবে। ডিলিট হওয়া ভোটারদের নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। অনলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। তবে এই পরিস্থিতিতে এখন জেলাশাসক দফতর চত্বরে উদ্বেগ আর উৎকণ্ঠার ছবি ধরা পড়ছে মানুষের মধ্যে।






