মৃতার পরিবার সূত্রে খবর, রবিবার রাতে শান্তিপুর পুরসভার ৫ ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার বাসিন্দা সুরজিৎ ঘোষ ও তাঁর স্ত্রী পম্পা ফুলিয়ায় একটি বিয়েবাড়ির নিমন্ত্রণে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে ছিল একমাত্র পুত্র সন্তান, বয়স চার বছর। ফুলিয়ার ওই বিয়েবাড়ি থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন পম্পাদেবীরা।
advertisement
জানা গিয়েছে, বাড়ি ফেরার পথে হঠাৎ পিছন দিক থেকে একটি চারচাকা গাড়ি সুরজিৎবাবুদের ধাক্কা মারে। একরত্তি সন্তানকে সুরজিৎবাবু রাস্তার পাশে পড়ে যান। কিন্তু তাঁর স্ত্রী রাস্তার দিকে পড়েন। সেই সময় তাঁর মাথার উপর দিয়ে ঘাতক গাড়িটির চাকা চলে যায়। পম্পাদেবীকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি। সেখানে ওই গৃহবধূকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতার স্বামী সুরজিৎবাবু বলেন, “বিয়েবাড়ি থেকে খাওয়াদাওয়া করে রাত দেড়টা নাগাদ স্ত্রী ও ছেলেকে নিয়ে ফিরছিলাম। হঠাৎ পিছন থেকে একটি দ্রুতগতির চারচাকা আমাদের মোটরসাইকেলে ধাক্কা মারে। এর জেরে আমার স্ত্রী রাস্তার মাঝখানে পড়ে যায়। এরপর ওঁর মাথার উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। ঘটনাস্থলেই ওর মৃত্যু হয়েছে”।
