এবারের বিধানসভা নির্বাচনে ফরাক্কা কেন্দ্র থেকে বর্তমান বিধায়ক মণিরুল ইসলামকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস৷ তাঁর জায়গায় সমশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামকে ফরাক্কা থেকে প্রার্থী করেছে শাসক দল৷
তৃণমূলের প্রার্থী তালিকায় তাঁর নাম না দেখেই বিদ্রোহ করেছিলেন মণিরুল৷ হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, দল টিকিট না দিলেও ফরাক্কা থেকে নির্দল হিসেবে লড়ে তিনি জয় পাবেন৷ এমন কি, তৃণমূলকে বেকায়দায় ফেলতে সমশেরগঞ্জ কেন্দ্র থেকেও নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মণিরুল৷
advertisement
শনিবার নিজের সমর্থকদের সঙ্গে নিয়ে জঙ্গিপুর মহকুমাশাসকের দফতরে এসে মনোনয়ন জমা করেন মণিরুল ইসলাম৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার পর ফরাক্কার তৃণমূল বিধায়ক বলেন, আমি ভেবেছিলাম দল যখন টিকিট দেয়নি আমি আর ভোটে লড়ব না৷ কিন্তু ফরাক্কার মানুষই আমাকে বলছেন আপনি এসআইআর নিয়ে লড়াই করেছেন৷ আপনি আমাদের কণ্ঠ হয়ে কথা বলেছেন৷ তাই আপনি ভোটে লড়ুন৷ তাঁরাই আমাকে উদ্দীপ্ত করেছে৷ তাই ফরাক্কার ভালবাসাকে আমি ফেলতে পারলাম না, বাড়িতে বসে থাকতে পারলাম না৷
প্রসঙ্গত এসআইআর-এর বিরোধিতা করতে গিয়ে ফরাক্কায় বিডিও অফিসে ঢুকে ভাঙচুর করার অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে৷ সেই ঘটনার জেরেই এবার শাসক দল তাঁকে প্রার্থী করেনি বলেই তৃণমূল সূত্রে খবর৷ মণিরুলের বিদ্রোহের পরেও তৃণমূল ফরাক্কা ধরে রাখতে পারে কি না, সেটাই এখন দেখার৷
