ঘটনাটি ঘটে শনিবার, যখন সভা শেষ করে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে উঠছিলেন। সেই সময় আচমকাই হেলিকপ্টারের সামনে একটি ড্রোন উড়তে দেখা যায়। ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মুহূর্তের মধ্যেই তৎপর হয়ে ওঠে পুলিশ। ভিড়ের মধ্য থেকে ওই তিন যুবককে ড্রোন-সহ আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয়। রবিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলার জন্য নিয়ে যাওয়া হয়।
advertisement
এই ঘটনায় জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি জানান, “যেখানে হেলিপ্যাড গ্রাউন্ড সেখানে ড্রোন উঠানো যায় না। যারা ড্রোন উড়াচ্ছিল তাদের উড়ানো উচিত হয়নি। পুলিশ তাদের ধরেছে। জিজ্ঞাসাবাদে তাদেরকে জানা যাবে কি উদ্দেশ্যে এই ড্রোনটা ওড়ানো হয়েছিল।”
এদিকে এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কীভাবে এত কড়া নিরাপত্তার মধ্যেও ড্রোন উড়ল, তা খতিয়ে দেখছে প্রশাসন। পাশাপাশি, এই ঘটনার পেছনে অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
