ভোটের প্রচারে জনতার মন জয়ে কী না করছেন প্রার্থীরা৷ কেউ বাড়িতে ঢুকে রুটি বেলে দিচ্ছেন, কেউ আবার দাড়ি কামিয়ে দিচ্ছেন৷ সিপিএম নেতাদের প্রকাশ্যে ধর্মাচারণ নিয়ে বিতর্ক বহু দিনের৷ যদিও ভোটের ময়দানে সেই টানাপোড়েনে থাকলেন না বলাগড়ের সিপিএম প্রার্থী বিকাশ গোলদার৷
হুগলির বলাগড়ের সুখুড়িয়াতে বার্ষিক শ্মশান কালী পূজা হয় প্রতি বছর। এবার বিধানসভা ভোটের আবহে সেই পুজো চলছে। বলাগড়ের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী বিকাশ গোলদার সেই কালী পুজোয় গিয়ে জনসংযোগ করেন বুধবার সন্ধ্যায়।
advertisement
শুধু পুজো প্রাঙ্গনে হাজির হওয়াই নয়, রীতিমতো পূজারির হাতে সন্দেশের প্যাকেট ধরিয়ে ঠাকুর প্রণাম করেন সিপিএম প্রার্থী। পুজোয় উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। গলায় লাল উত্তরীয় নিয়েই চলে শুভেচ্ছা বিনিময়। মাইক হাতে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেও দেখা যায় ব্যান্ডেল বিদ্যামন্দিরের শিক্ষক বাম প্রার্থীকে।
প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তী একবার তারপীঠে গিয়ে পুজো দিয়েছিলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই সিপিএমের অন্দরেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল৷ ভোটের ময়দানে নেমে অবশ্য ধর্মীয় অনুষ্ঠান থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছেন না বাম প্রার্থীরা৷
উত্তরপাড়ার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও প্রচারে বেরিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে হাজির হয়ে যজ্ঞে ঘি দিয়েছিলেন। এবার বলাগড়ের বিকাশ গোলদার কালী পুজো দিলেন।
