শনিবার কোচবিহারের হরিণচওড়ার পালপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, এদিন এই অঞ্চলে পঞ্চায়েতের বসানো একটি ডাস্টবিনে ওই সন্দেহজনক বস্তুটি দেখতে পান এলাকার বাসিন্দারা। সুতলি পাকানো সেই জিনিস দেখে বোমা বলে সন্দেহ করেন তাঁরা। মূহুর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
advertisement
ডাস্টবিন থেকে সুতলি পাকানো ওই বস্তু উদ্ধার ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ানোর কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা প্রসঙ্গে এক এলাকাবাসী বলেন, এই ধরনের ঘটনা ঘটলে ভয় তো হবেই। এখানে ওই জিনিস কারা রাখল সেটা পুলিশ তদন্ত করে দেখুক।
অন্যদিকে এদিন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কোতয়ালি থানার পুলিশ। তাঁরা সেই সামগ্রী উদ্ধার করেন। এই বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন, বোমা সন্দেহে জিনিসটি উদ্ধার করা হয়েছে। এটা কোথা থেকে এসেছে এবং এটি কী সেটা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ভোটের আবহে সম্প্রতি মুর্শিদাবাদের সুতি ও ফরাক্কা থেকে ৫০টির বেশি তাজা বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। তার রেশ কাটতে না কাটতেই এবার কোচবিহারে বোমা সন্দেহে উদ্ধার হল সুতলি পাকানো একটি বস্তু। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। তাতে কী উঠে আসে সেটাই দেখার।
