শুক্রবার মেখলিগঞ্জের ২৬৬টি আইসিডিএস কেন্দ্রে ধুমধাম করে অন্নপ্রাশন দিবস পালিত হয়। মেনুতে ছিল পায়েস, পাঁচ রকমের ভাজা সহ রকমারি পদ। একরত্তিদের প্রথম ভাত খাওয়ানোর মুহূর্ত ঘিরে তৈরি হয় খুশির আবহ।
আরও পড়ুনঃ ভোটের মুখে যুদ্ধের সরঞ্জাম উদ্ধার! কোচবিহারে মিলল মর্টার শেল, তুমুল চাঞ্চল্য এলাকায়
এই বিষয়ে সাহেরা বেগম নামে চ্যাংরাবান্ধার ৬৫ নং আইসিডিএস কেন্দ্রের এক কর্মী জানান, প্রত্যেক তিন মাস অন্তত সুপুষ্টি দিবসের পাশাপাশি অন্নপ্রাশন দিবস পালন করা হয়। অন্নপ্রাশন দিবসের মেনুতে ছিল ভাত, আলু, বেগুন সহ পাঁচ রকমের ভাজা, ডিমের ঝোল এবং পায়েস।
advertisement
জানা গিয়েছে, অন্নপ্রাশন দিবসে প্রথমে প্রদীপ জ্বালিয়ে একরত্তিদের বরণ করা হয়। তাঁদের মাথায় পরানো হয় টোপর, গলায় ফুলের মালা। সামনের থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল নানা রকমের খাবার। ছকভাঙা এই আয়োজনে অভিভাবকরাও বেশ খুশি। এই ধরনের আয়োজনের মাধ্যমে কর্মী এবং উপভোক্তাদের মধ্যেকার সামাজিক বন্ধন আরও বেশি সুদৃঢ় হয় বলে জানান চ্যাংরাবান্ধা পঞ্চায়েতের আইসিডিএস সুপারভাইজার চিত্রা দাস গুহ।
প্রসঙ্গত, আইসিডিএস কেন্দ্রগুলিতে সাধারণত পড়াশোনা, খেলাধূলা করে খাবার নিয়ে বাড়ি চলে যাওয়ার দৃশ্য দেখা যায়। এভাবে ধুমধাম করে অন্নপ্রাশন দিবস পালন কার্যত বেনজির। এদিন এই আয়োজন ঘিরে মেখলিগঞ্জের আইসিডিএস সেন্টারগুলিতে দেখা গেল উৎসবের আবহ।
