জানা যাচ্ছে, এদিন সকাল ১১টা নাগাদ সলসলাবাড়ি এলাকার বাসিন্দা মহামায়া দাস একটি কাজে আলিপুরদুয়ার কোর্টে আসেন। সলসলাবাড়ি থেকে অটোয় করে তিনি আলিপুরদুয়ার চৌপথিতে এসেছিলেন। সেখান থেকে আরেকটি অটোয় ওঠেন তিনি। রাস্তায় একটি শিশুকে নিয়ে দুই মহিলা ওই একই অটোতে ওঠেন। কোর্ট এলাকায় নামার পর মহামায়াদেবী দেখেন, তাঁর ব্যাগের ভিতর থাকা ৭ হাজার টাকা নেই।
advertisement
তাঁর সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে আরেকটি অটো নিয়ে আগের অটোকে ধাওয়া করেন মহামায়াদেবী। জংশন এলাকায় গিয়ে ওই অটোকে ধরে সেখানে বসে থাকা দুই মহিলাকে চেপে ধরেন তিনি। সেই সময় ওই মহিলারা টাকা ফেলে দেন। এরপর আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ ডেকে দুই মহিলাকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, রবিবার শহরে দুই ঘণ্টার ব্যবধানে চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পরপর ছিনতাইয়ের ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। তার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার অভিনব কায়দায় চুরির ঘটনায় হাতেনাতে ধরা পড়লেন ভিনরাজ্যের দুই মহিলা। ব্যাক টু ব্যাক এই ধরনের ঘটনায় শহর জুড়ে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।
