চলতি আসরে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ফাইনালে ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ পর্বে আট ম্যাচের মধ্যে ছয়টিতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শেষ করে স্মৃতি মন্ধানার দল। নবি মুম্বাই ও ভাদোদরায় সমানভাবে দাপট দেখিয়ে তারা সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
অন্যদিকে, জেমাইমা রড্রিগেজের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস টুর্নামেন্টে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায়। লিগ পর্বের শেষদিকে ডু অর ডাই ম্যাচে ম্যাচে ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে তারা প্লে-অফে জায়গা করে নেয়। এরপর ৩ ফেব্রুয়ারি এলিমিনেটরে গুজরাত জায়ান্টসকে পরাজিত করে ফাইনালে ওঠে দিল্লি। এর আগে ৩ বার ফাইনালে উঠলেও ট্রফি জয়ের স্বাদ পায়নি দিল্লি। এবার তাদের অধরা স্বপ্নপূরণ করতে মরিয়া।
advertisement
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস এর আগে উইমেন্স প্রিমিয়ার লিগের সব মরশুম মিলিয়ে নয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ছয়বার জয় পেয়েছে দিল্লি, আর তিনবার জিতেছে বেঙ্গালুরু। হেড-টু-হেড পরিসংখ্যানে দিল্লি এগিয়ে থাকলেও ফাইনালের মঞ্চে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।
