সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আলিগড়ে বাঁ হাতি এই ব্যাটসম্যানের বাড়িতে জরুরি পরিস্থিতি তৈরি হওয়ার কারণেই ফিরে এসেছেন রিঙ্কু৷ পিটিআই সূত্রে দাবি করা হয়েছে, রিঙ্কুর বাবা খানচাঁদ সিং গুরুতর অসুস্থ অবস্থায় গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ভর্তি৷ সেই কারণেই তড়িঘড়ি দলকে ছেড়ে ফিরে আসতে হয়েছে রিঙ্কুকে৷
আগামী বৃহস্পতিবার সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবোয়ের মুখোমুখি হবে ভারত৷ এই ম্যাচের ফলের উপরেই ভারতের সেমিফাইনাল খেলা অনেকটাই নির্ভর করবে৷ মরণবাঁচন এই ম্যাচে রিঙ্কুকে টিম ইন্ডিয়া পাবে কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে৷
advertisement
বৃহস্পতিবারই সুপার এইটের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ৷ ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় এবং ভারতও যদি জিম্বাবোয়ের কাছে পরাজিত হয়, সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে৷
যদিও এই বিশ্বকাপে এখনও সেভাবে ছন্দে নেই রিঙ্কু সিং৷ একমাত্র পাকিস্তানের বিরুদ্ধে কলম্বোয় ৪ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন তিনি৷ এ ছাড়া বাকি চারটি ম্যাচে ব্যাট হাতে সেভাবে দাগ কাটতে পারেননি তিনি৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচেও শূন্য রানেই আউট হন রিঙ্কু৷
বিশেষজ্ঞরা মনে করছেন, রিঙ্কু যদি একান্তই জিম্বাবোয়ে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ না দিতে পারেন তাহলে বোলিং বিভাগকে শক্তিশালী করতে তাঁর বদলে কুলদীপ যাদবকে ভারতীয় দলের প্রথম একাদশে দেখা যেতে পারে৷
