মাথিশা পাথিরানা এই বছরের শুরুতে শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সময় যে কাফ ইনজুরিতে পড়েছিলেন, সেখান থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি এখন নেটে বোলিং শুরু করেছেন। গত বছরের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে ১৮ কোটি টাকায় দলে নিয়েছিল, কিন্তু ২৮ মার্চ শুরু হওয়া আইপিএল ২০২৬-এ তিনি এখনও ভারতে যোগ দেননি।
advertisement
এদিকে কেকেআরের পেস বোলিং বিভাগ নানা কারণে দুর্বল হয়ে পড়েছে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হয়েছে, আবার চোটের কারণে হর্ষিত রানাও বাইরে। তবে মুস্তাফিজুরের পরিবর্তে জিম্বাবোয়ের বোলার ব্লেসিং মুজারাবানিকে দলে নেওয়া হয়েছে এবং রানার জায়গায় এসেছেন ভারতের নভদীপ সাইনি। এছাড়াও, কেকেআর এখনও আকাশ দীপকে পাচ্ছে না। তার পরিবর্তে দলে আনা হয়েছে আনক্যাপড বোলার সৌরভ দুবে। ফলে দলের পেস আক্রমণে অভিজ্ঞতার কিছুটা অভাব দেখা দিয়েছে।
পাথিরানা আইপিএলে এখন পর্যন্ত ৩২টি ম্যাচে ৪৭টি উইকেট নিয়েছেন, যার সবকটিই এসেছে চেন্নাই সুপার কিংসের হয়ে। তার ইকোনমি রেট ৮.৬৮। সামগ্রিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ১০৯টি ম্যাচে ১৪৬টি উইকেট নিয়েছেন। একটি প্রতিবেদনে জানা গেছে, ২৩ বছর বয়সী পাথিরানা এপ্রিলের মাঝামাঝি সময়ে কেকেআর দলে যোগ দিতে পারেন। তবে তার আগে তাকে ফিটনেস পরীক্ষা পাশ করতে হবে এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নিতে হবে। এই ফিটনেস পরীক্ষা সম্ভবত আগামী সপ্তাহেই হবে।
আইপিএল ২০২৬-এ কেকেআর তিনটি ম্যাচের মধ্যে দুটি হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে সেই ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টের ফলে তারা পয়েন্ট টেবিলে এখন অষ্টম স্থানে রয়েছে। মাথিরানার দলের সঙ্গে যোগ দিলে শক্তি অনেকটা বাড়বে কেকেআর পেস অ্যাটাকের।
