আসলে ভারতীয় বোর্ডের আর্থিক শক্তির কাছে আইসিসি শিশু। মুখে না বললেও মোটামুটি স্বীকার করে নিলেন চেয়ারম্যান গ্রেগ বার্কলে। চলতি মরশুমে আইপিএল দল আগের থেকে বেড়েছে। যার ফলে বেড়েছে ম্যাচ। আগে যেখানে ৬০টি ম্যাচ হত সেখানে এ বছর থেকে মোট ৭৪টি ম্যাচ হচ্ছে। গত বছর ৫৫ দিন ধরে চলেছিল প্রতিযোগিতা। এবছর দিন বেড়ে হয়েছে ৬৫ দিন।
advertisement
এখানেই শেষ নয়, আগামী দিনে সংযুক্ত আরব আমিরশাহী নতুন লিগ চালু করতে চলেছে আইপিএলের ধাঁচে। একই রকম লিগ ফের চালু হবে দক্ষিণ আফ্রিকাতেও। অর্থাৎ, আগামী দিনে ক্রিকেট ক্যালেন্ডারের প্রায় পুরোটাই ছেয়ে যাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এই মুহূর্তে আইপিএলেরই প্লে-অফ পর্বের খেলা দেখতে ভারতে এসেছেন।
আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারের পর তাঁকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে প্রশ্ন করা হলে সেখানেই বার্কলে আশঙ্কা প্রকাশ করেন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপটে হয়তো আগামী দিনে আরও সংকুচিত হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার।
সেক্ষেত্রে সবচেয়ে বিপদে দ্বিপাক্ষিক সিরিজ। বার্কলে আশঙ্কা প্রকাশ করলেন, আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেভাবে দাপট বাড়াচ্ছে, তাতে আগামী দিনে আরও সংকুচিত হবে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজগুলি।
এমনকী আইপিএলের ম্যাচ বাড়ার জেরে বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের ফরম্যাট বদলে আরও বেশি দলকে সুযোগ দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন আইসিসি চেয়ারম্যান। তবে বিসিসিআইয়ের সঙ্গে সু সম্পর্ক রেখে এগোবে আইসিসি পরিষ্কার করে দিয়েছেন চেয়ারম্যান।
