রবিবার সন্ধ্যায় একটি স্থানীয় মাঠে ম্যাচ চলাকালীন দুই দলের খেলোয়াড়দের মধ্যে রান আউট নিয়ে বিবাদ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও আম্পায়ার অজিত বাবু ও তার সহকর্মী বুদুমুরি চিরঞ্জীবী বিষয়টি সামলে দেন। পরে গ্রামের প্রবীণরাও বিষয়টি মিটিয়ে দেন বলে জানা যায়।
কিন্তু ঘটনার এখানেই শেষ হয়নি। কান্তা কিশোর নামে এক ব্যক্তি, যিনি ওই ম্যাচের খেলোয়াড় ছিলেন না, তর্কে জড়িয়ে পড়েন এবং গালিগালাজ শুরু করেন। অভিযোগ, পরে তিনি মদ্যপ অবস্থায় আম্পায়ারদের ডেকে নেন বিষয়টি মীমাংসার নাম করে।
advertisement
নির্ধারিত স্থানে পৌঁছতেই আবার তর্ক শুরু হয়। হঠাৎই কিশোর পকেট থেকে ছুরি বের করে অজিত বাবুর বুকে আঘাত করেন। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে চিরঞ্জীবী ও আরও এক ব্যক্তি আহত হন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা অজিত বাবুকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ IPL 2026 Points Table: খাতা খুলল কেকেআরের, পয়েন্ট টেবিলে বড় বদল, কে কোথায় রয়েছে? রইল সব আপডেট
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু হয়েছে। একটি সামান্য বিতর্ক যে এত বড় মর্মান্তিক ঘটনার জন্ম দিতে পারে, তা নিয়ে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।
