বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হওয়ার পর থেকেই যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে বাংলা থেকে অসমের কামাখ্যার সঙ্গে হাওড়াকে যুক্ত করার পর এই ট্রেন দ্রুত জনপ্রিয়তা পায়। তবে একাংশ যাত্রীর আপত্তি ছিল খাবার নিয়ে। তাঁদের অভিযোগ ছিল, দীর্ঘ দূরত্বের রাতের যাত্রায় শুধুমাত্র নিরামিষ খাবার অনেকের পক্ষে গ্রহণযোগ্য নয়।
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিনই বন্দে ভারত স্লিপারের খাবারের মেনুতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে আজ থেকেই। নিরামিষের পাশাপাশি এবার থেকে আমিষ খাবারও মিলবে বন্দে ভারত স্লিপার ট্রেনে।
আজ, ২ ফেব্রুয়ারি ২০২৬-এ ট্রেন নম্বর ২৭৫৭৬-এ যে মেনু রাখা হয়েছে, তাতে থাকছে—
জিরা কর্ন পুলাও, তেহদার পরোটা, মিক্সড ডাল (মুগ ও অড়হর), পনির মসলা (অসমীয় ধাঁচে), চিকেন মসলা (অসমীয় ধাঁচে), বিনস আলু ভাজি (অসমীয় শুকনো সবজি) এবং ডেজার্ট হিসেবে রসগোল্লা।
যদিও ভবিষ্যতের পূর্ণাঙ্গ মেনু এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবু আমিষ খাবার যুক্ত হওয়ার খবরে খুশি বহু যাত্রী। রেল কর্তৃপক্ষের মতে, যাত্রীদের পছন্দ ও সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দে ভারত স্লিপারের জনপ্রিয়তা এই পরিবর্তনের ফলে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
