গোটা দেশে ৪,০০০ টি শো দিয়ে যাত্রা শুরু। দিলওয়ালে তৈরি ও বিপণনে খরচ হয়ে গিয়েছে ১২০ কোটি টাকা। ছবিতে টাকা ঢেলেছে তাঁর নিজের সংস্থাও। তাই কী অসহিষ্ণুতা বিতর্কে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন এসআরকে? নভেম্বরে নিজের জন্মদিনের দিন তিনিই তো প্রশ্ন ছুঁড়েছিলেন !
‘দেশে চরম অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে আমরা কিছুদিনের মধ্যেই অন্ধকার যুগে ফিরে যাব। সেটাই কি আমরা চাই৷’
advertisement
আর এখন বলছেন একেবারে অন্য কথা। অসহিষ্ণুতা নিয়েও অন্য সুর। প্রসঙ্গটাই যেন এড়িয়ে যেতে পারলে বাঁচেন ৷ এখন শাহরুখের বক্তব্য,
‘অসহিষ্ণুতা এখানে আছে? একদম নেই। আমি খুশি। আমি আনন্দিত। ঈশ্বর ভারতের মঙ্গল করুন। কোথাও কোনও সমস্যা নেই।’
অসহিষ্ণুতা বিতর্কের পর শাহরুখের ছবি বয়কটের আবেদন নিয়ে প্রচার শুরু করেছিল বেশ কিছু সংগঠন। তাতে খুব একটা বিচলিত দেখায়নি টিম ‘দিলওয়ালে’-কে। মুক্তির আগেই তো ছবি তৈরির খরচ উঠে গেছে। অ্যাডভান্স বুকিংয়েও রেকর্ড। তারপরও বেসুরো কেন এসআরকে? কেন তাঁর গলায় শোনা গেল-
‘ভয় পেয়ে গিয়েছি ভাই। আমাদের দেশে সবাই খুব ভালো। ধর্ম নিয়ে কোনও বিভাজন না করেন তো ভালো হয়। তাই বলে কি বলছি যে এসব হচ্ছে? না তো!’
ঘনিষ্ঠরা বলেন, সেন্স অফ ইিউমারের তুলনায় নেই এসআরকে-র। ভদ্রতার মোড়কে কটাক্ষ ফিরিয়ে দিতেও তিনি লা-জবাব। অসহিষ্ণুতা বিতর্কেও কি তাকেই অস্ত্র করলেন শাহরুখ? জোরাল হচ্ছে কিন্তু সেই সম্ভাবনাই।
