শেষ ষোলোয় স্পেনকে ১২০ মিনিট আটকে টাইব্রেকারে জয়। রুপকথার মতো লড়াই দেখিয়ে ইতিমধ্যেই ইতিহাসে পৌঁছে গিয়েছে অ্যাটলাস লায়ন্সরা। প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টারে ফাইনালে উঠেছে মরক্কো। হাকিমি, জিয়েচ, সাইসদের শক্তি, গতি আর হার না মানা মনোভাব। স্পেনের মতো পর্তুগালের বিরুদ্ধেও মরক্কোর অস্ত্র কাউন্টার অ্যাটাক।
আরও পড়ুন- রোনাল্ডো কাঁটার মাঝেই আজ বিশ্বকাপে মরক্কো চ্যালেঞ্জ টপকাতে মরিয়া পর্তুগাল
advertisement
নিজেদের ডিফেন্স আঁটোসাঁটো করে প্রতি আক্রমণে পর্তুগিজ ডিফেন্সে হানা দেওয়াই তাদের লক্ষ্য। স্পেনের মতো পর্তুগাল প্রেসিং ফুটবল খেলবে না, সেটা জানে মরক্কো শিবির। সুইসদের হাফ ডজন গোলের মালা পড়ানো স্যান্টোস বাহিনীকে আটকে ম্যান মার্কিংয়ে জোর দিতে চান মরক্কোর কোচ।
অভিষেকেই হ্যাটট্রিক করা নায়ক রামোস, কিংবা সুপারস্টার রোনাল্ডোর জন্য বিশেষ প্ল্যানও থাকছে। আক্রমণ ভাগের ফুটবলারদের জন্য বার্তা- সুযোগ কম আসবে, তাই যা সুযোগ আসবে কাজে লাগাও। তবে গোল করতে না পারলেও গোল খাওয়া চলবে না।
আরও একবার ১২০ মিনিট পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে পারলে গোলের নিচে তো ভরসার ইয়াসিন বুনোউ থাকছেনই। স্পেনের বিরুদ্ধে যাঁর হাত জোড়া চিনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। ৩৬ বছর আগে একবারই শেষ ১৬-তে উঠেছিল মরক্কো। এবার সেটা টপকে কোয়ার্টার কনফার্ম হয়েছে।
তবে সেটা টপকে টার্গেট সেমিফাইনাল। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, এই মরক্কো কিন্তু ফ্লুকে জিতছে না। অনেক পরিণত দলটি। সাফল্যের পিছনে রয়েছে সে দেশের ফুটবল প্রশাসনের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত।
গত দশক থেকেই একটা ট্রেন্ড শুরু করেছ মরক্কো ফুটবল বোর্ড। বিদেশের নামী ক্লাবগুলোর একাডেমিতে থাকা মরক্কান বংশভূতদের দেশের জার্সিতে খেলাতে রাজি করানো হয়েছে।
বার্সেলোনা দলের মুনির স্পেনের জার্সিতে একটি ম্যাচ খেলেও মরক্কোর হয়ে খেলতে চাওয়ায় সেদেশের ফুটবল বোর্ড ফিফাতে আবেদন করে তাঁকে নিজেদের দেশে নিয়ে এসেছে।
আরও পড়ুন- 'বড্ড বেশি কথা বলেন এই বয়সে, এবার বিশ্রাম নিন' ! ভ্যান গালকে ম্যাচ শেষে ধুয়ে দিলেন মেসি
মরক্কোর এখনকার দলের ২৬ জনের মধ্যে ১৬ জনের জন্ম বিদেশে এবং ইউরোপের বড় ক্লাবে খেলেন তাঁরা। ফলে বোঝাই যাচ্ছে এই দল তৈরি হয়েই কাতারে এসেছে। তারওপর হাকিমিদের বাড়তি ভরসা দিচ্ছে গ্যালারির দর্শক।মরক্কোর মতো ৯০ মিনিট জুড়ে একই ছন্দে সমর্থন কটা দেশ আর পাচ্ছে কাতারে?
এদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে রহস্যের শেষ নেই। খবর যা তাতে তাঁকে মরক্কোর বিরুদ্ধেও হয়তো দ্বিতীয়ার্ধে দেখা যেতে পারে। কারণ আজও হয়তো শুরুতে থাকবেন গঞ্জালো রামোস।
