এক্স হ্যান্ডেলে এদিন ‘গভীর শোকপ্রকাশ’ করে অমিত শাহ লিখেছেন, ‘‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। জনসেবায় তাঁর দীর্ঘ কর্মজীবন সংগঠনের গতিবিধি ও জনসমস্যা সম্পর্কে তাঁর গভীর উপলব্ধির জন্য চিহ্নিত হয়ে থাকবে। ওম শান্তি৷’’
প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায় জি’র প্রয়াণে আমি শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি।”
advertisement
দীর্ঘদিনের রাজনৈতিক ‘সতীর্থ’, ‘সহযোদ্ধা’কে হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কসময় তাঁর সবচেয়ে বেশি ‘আস্থাভাজন’ হিসাবে পরিচিত মুকুল রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মমতা৷ তিনি লিখেছেন, ‘‘প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি৷ তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন৷ তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে৷’’
মমতা লেখেন, ‘প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন৷ তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল৷ পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন৷ বাংলার রাজনীতিতে তাঁর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়৷ দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল’৷
মুকুল রায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। এক শোকবার্তায় তিনি জানান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করে পশ্চিমবঙ্গের মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছিলেন মুকুল রায়। তাঁর সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল স্তরের রাজনীতি সম্পর্কে গভীর বোঝাপড়া তাঁকে দলমত নির্বিশেষে সম্মান এনে দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। পরিবারের সদস্য, অনুগামী এবং শোকাহত সকলের প্রতি সমবেদনা জানান কংগ্রেস সভাপতি।
তাঁর কথায়, “প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করে তিনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তাঁর অসাধারণ সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল স্তরের রাজনীতি সম্পর্কে গভীর বোঝাপড়া তাঁকে দলমত নির্বিশেষে সম্মান এনে দিয়েছে।”
