নেটওয়ার্ক ১৮-এর ওপিনিয়ন পোল অনুযায়ী, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৮৪ থেকে ১৯৪টি আসন৷ বিজেপি পেতে পারে ৯৮ থেকে ১০৮টি আসন৷ অন্যান্যরা পেতে পারে ৩টি আসন৷
এই জনমত সমীক্ষাতেও স্পষ্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় ভর করেই টানা চতুর্থবারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী হিসেবে কাদের তাঁরা পছন্দ করছেন, এই প্রশ্নের জবাবে অধিকাংশ ৪৮.৫ শতাংশ উত্তরদাতাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন৷ অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে পছন্দ করেছেন ৩৩.৪ শতাংশ উত্তরদাতা৷
advertisement
ভোট শতাংশের দিক থেকেও বিজেপি-কে অনেকটা পিছনে ফেলে দিয়েছে তৃণমূল৷ জনমত সমীক্ষায় উঠে এসেছে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ৪১.৯ ভোট, সেখানে বিজেপি পেতে পারে ৩৪.৯ শতাংশ ভোট৷
গত পাঁচ বছরে রাজ্য সরকার কেমন কাজ করেছে, সেই প্রশ্নের উত্তরে ৪৩.৩ শতাংশ উত্তরদাতা তৃণমূল সরকারের কাজকে ভাল অথবা খুব ভাল বলে মত দিয়েছেন৷ ২০.৬ শতাংশ উত্তরদাতা রাজ্য সরকারের কাজকে খুব খারাপ বলে মত দিয়েছেন৷ রাজ্য সরকারের গত পাঁচ বছরের পারফরম্যান্সকে খারাপ বলে মত দিয়েছেন ১৮.৩ শতাংশ উত্তরদাতা৷
