সিপিআই(এমএল) লিবারেশন প্রথম দফায় ১০টি কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এই তালিকায় উল্লেখযোগ্যভাবে ৬ জন মহিলা প্রার্থী রয়েছেন, যা দলটির নারী প্রতিনিধিত্ব বাড়ানোর প্রচেষ্টাকে স্পষ্ট করে। ফাঁসিদেওয়া, ভরতপুর, বহরমপুর, কৃষ্ণনগর দক্ষিণ, নৈহাটি, বজবজ, রাসবিহারী, ধনেখালি, বিষ্ণুপুর এবং পূর্বস্থলী দক্ষিণ—এই কেন্দ্রগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
এক ঝলকে দেখে নিন সিপিআইএমল লিবারেশনের প্রার্থী তালিকা: ফাঁসিদেওয়া (ST) – সুমন্তী এক্কা (মহিলা), ভরতপুর – জিন্নাতুন নাহার গুলশান বেগম (মহিলা), বহরমপুর – আবুল কাশেম শেখ, কৃষ্ণনগর দক্ষিণ – লাবনী জঙ্গি (মহিলা), নৈহাটি – দেবজ্যোতি মজুমদার, বজবজ – কাজল দত্ত (মহিলা), রাসবিহারী – মানস ঘোষ, ধনেখালি (SC) – রুমা আহেরী (মহিলা, বিষ্ণুপুর – তিতাস গুপ্ত (মহিলা), পূর্বস্থলী দক্ষিণ – জিয়াদুল সেখ।
advertisement
লিবারেশনের তরফে জানানো হয়েছে, এই ১০টি আসন ছাড়াও রাজ্যের বাকি আসনগুলিতে তারা বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের পাশে থাকবে। তাদের মতে, রাজ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিকল্প শক্তি গড়ে তোলার প্রয়োজন রয়েছে। বিজেপি-আরএসএসের প্রভাব এবং শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতেই এই জোট গঠন করা হয়েছে।
লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন,এই প্রথমবার বামফ্রন্টের সঙ্গে তাদের পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে। তিনি জানান, আগের নির্বাচনে তারা একতরফাভাবে বামফ্রন্টকে সমর্থন করলেও এবার যৌথভাবে লড়াই হবে। তার কথায়, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এবং বাংলায় বামপন্থার পুনর্জাগরণ ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
