‘মিনি ইন্ডিয়া’ ভবানীপুর, এই বার্তা তুলে ধরতে প্রস্তাবক হিসাবে থাকতে চলেছেন সর্ব ধর্মের প্রতিনিধিরাও। ইতিমধ্যেই ভবানীপুরে তাঁর মনোনয়ন পেশ করেছেন প্রধান বিরোধী দল বিজেপির শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ নিয়ে তর্ক-বিতর্ক চলছে। খোদ অমিত শাহ এসেছিলেন তাঁর রোড শো-তে। সেখান থেকেই শাহের চ্যালেঞ্জ ছিল, ঘরের ভিতরে ঢুকে তৃণমূল সুপ্রিমোকে হারাবে বিজেপি। আজ পাল্টা কী চ্যালেঞ্জ ছুঁড়বেন মমতা?
advertisement
বস্তুত, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে ক্ষমতা প্রদর্শন করতে চায় শাসক দলও। তবে তাদের আবেদন, ‘ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়’। আজকের গুরুত্বপূর্ণ মনোনয়ন পর্বে দলের প্রায় সব হেভিওয়েটদের উপস্থিত থাকার কথা। তৃণমূল সূত্রে খবর SIR আবহে মনোনয়ন পর্বেও থাকতে চলেছে সম্প্রীতির বার্তা, প্রস্তাবক হিসেবেও ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিত থাকার কথা। মনোনয়ন পর্ব শেষ করেই হুগলিতে নির্বাচনী প্রচারে যাবেন তৃণমূল সুপ্রিমো।
প্রসঙ্গত, ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে গঠিত। এই কেন্দ্রে একদিকে যেমন রয়েছে ৭২ এবং ৮২ নম্বর ওয়ার্ডের মতো বাঙালি অধ্যুষিত এলাকা, তেমনই ৬৩, ৭০, ৭১, ৭৩ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করছেন গুজরাতি, পঞ্জাবি ও মাড়োয়ারি সম্প্রদায়ের মানুষ। ভবানীপুরে জৈন ধর্মাবলম্বীদের উপস্থিতিও উল্লেখযোগ্য। আবার ৭৭ নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যাধিক্য। তাই প্রস্তাবক হিসাবে সর্ব ধর্মের মানুষ থাকতে পারেন এদিনের র্যালিতে। সূত্রের খবর, ফিরহাদ হাকিমের স্ত্রী রুবি হাকিম, ভবানীপুর এডুকেশন সোসাইটির কর্ণধার মীরাজ শা, বাবলু সিং থাকতে পারেন প্রস্তাবক হিসাবে।
