এদিন কালীঘাট থেকে নির্বাচনী ইস্তেহার ঘোষণার সময় মমতা জানান, নতুন জেলা, নতুন পুরসভা তৈরি করা হবে৷
আগামী বছরগুলিতে তৃণমূল যে কাজগুলি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ‘ভৌগলিক পুনর্গঠন এবং পুরসভার সংখ্যা বৃদ্ধি৷ জনসংখ্যার উল্লেখযোগ্য পরিবর্তনের ফলে, বেশ কয়েকটি পুরসভা এখন অসম অনুপাতে অধিক সংখ্যক বাসিন্দাদের পরিষেবা দিচ্ছে৷ সরকারি পরিষেবাগুলি যাতে দক্ষতার সঙ্গে এবং সময়মতো প্রদান করা হয় তা নিশ্চিত করতে, জনতা ও প্রশাসনের আদর্শগত বনুপাত বজায় রাখার জন্য একটি সামগ্রিক পুনর্গঠন প্রক্রিয়া পরিচালনা করা হবে৷’’
advertisement
ইস্তেহারে জানানো হয়েছে, ‘রাজ্যে ৭টি নতুন জেলা গঠন করা হবে৷ সরকারি পরিষেবা প্রদান উন্নত করতে এবং বর্তমান জেলা প্রশাসনগুলির উপর চাপ কমাতে, পশ্চিমবঙ্গে কান্দি, বহরমপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, রানাঘাট, ইছামতী এবং বসিরহাট নামে সাতটি নতুন জেলা গঠন করা হবে৷’’
‘মিশন মহানগর’ নামের আরেকটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে৷ সেখানে পশ্চিমবঙ্গের ২৫টি প্রধান শহরকে মডেল শহর হিসাবে গোড়া তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ তার মধ্যে রয়েছে, হাওড়া, ডায়মন্ড হারবার, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, কৃষ্ণনগর, বরাসত, রায়গঞ্জ, শিলিগুড়ি, বহরমপুর, মালদহ, কল্যাণী, শ্রীরামপুর, অণ্ডাল, বাঁকুড়া, পুরুলিয়া, দিঘা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এনকেডিএ এলাকা, গঙ্গারামপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিংকে অত্যাধুনিক নগর পরিকাঠামো-সহ মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে৷
