রাজ্যসভার প্রার্থী তালিকায় শুক্রবার বিরাট চমক দেয় তৃণমূল৷ এই প্রথম তৃণমূলের হয়ে প্রার্থী হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনাকা গুরুস্বামী৷ তৃণমূলের রাজ্যসভার মুখ মানেকা৷ সম্ভবত এই প্রথম কোনও ঘোষিত এলজিবিটিকিউ কমিউনিটির কেউ তৃণমূলের হয়ে রাজ্যসভায় যেতে চলেছেন৷ জিতলে তিনিই হবেন ঘোষিত সমকামী জয়ী সাংসদ৷
advertisement
প্রসঙ্গত, মেনাকা গুরুস্বামী ‘ন্যাশনাল ল স্কুল’, ‘হার্ভার্ড’ এবং ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়’-এর মতো প্রথম সারির প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন। সারাজীবন একাধিক গুরুত্বপূর্ণ মামলায় নেতৃত্ব দিয়েছেন। ছত্তিশগড়ে মাওবাদী দমনে তৈরি বিতর্কিত বাহিনী ‘সলওয়া জুড়ুম’-এর বিরুদ্ধে আইনি লড়াই করেছেন। মণিপুরে সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা বিচারবহির্ভূত হত্যার অভিযোগে সুপ্রিম কোর্টে ‘অ্যামিকাস কিউরি’ হিসেবে দায়িত্ব পালন করেন। অগস্ত ওয়েস্টল্যান্ড ভিভিআইপি কপ্টার দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীর আইনজীবী ছিলেন। ৩৭৭ ধারা অবলুপ্তির মামলায় অন্যতম আইনজীবী ছিলেন মেনেকা। সাম্প্রতিক আইপ্যাকের ইডি মামলায় হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার সেই মেনাকা গুরুস্বামীকেই রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল।
