বিধানসভা প্রার্থী তালিকায় জয়ী বিধায়কদের প্রায় কাউকেই বঞ্চিত করেনি বিজেপি। লোকসভার বিতর্ক পিছনে ফেলে পুরোনো তালুকেই ফেরানো হল দিলীপ ঘোষকে। ২৬-এর নির্বাচনে খড়গপুর (সদর) আসনে প্রার্থী হচ্ছেন এই বিজেপি নেতা। শিবপুরের প্রার্থী অভিনেতা ও রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। বরাহনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সজল ঘোষ। আসানসোল দক্ষিণ আসনে গেরুয়া শিবির আস্থা রেখেছে ২১-এর জয়ী অগ্নিমিত্রা পলের উপরেই। প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। তবে ১৪৪ জনের প্রার্থী তালিকায় নাম নেই খড়গপুর সদরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। বিজেপির অন্যতম পরিচিত মুখ, শাহের দফতরে প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকেরও নাম দেখা গেল না প্রথম দফার প্রার্থী তালিকায়।
advertisement
আরও পড়ুন: ‘এক ফোঁটা জায়গা দেব না’, প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
গত ২ মার্চ বিজেপির রথযাত্রায় টেলিভিশন চ্যানেলেন সাংবাদিক হিসেবে লাইভ করছিলেন সন্তু পান। মথুরাপুরের মঞ্চে তখন ভাষণ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খানিক পরে সেই মঞ্চে উঠেই বিজেপির পতাকা ধরলেন সাংবাদিক সন্তু পান। পতাকা হাতে ধরিয়ে দিলেন খোদ অমিত শাহ। আর এই ঘটনার ঠিক ১৪ দিন পরেই বিধানসভা নির্বাচনের টিকিট পেলেন তিনি। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্ডাকে ভারতীয় জনতা পার্টি ময়না বিধানসভা আসন থেকে প্রার্থী করেছে। উল্লেখ্য, তিনি ২০২১ সালে পশ্চিমবঙ্গের ময়না বিধানসভা আসন থেকে জয়ী হয়েছিলেন এবং বর্তমানে তিনি বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসানসোল দক্ষিণ থেকে ফের প্রার্থী হলেন অগ্নিমিত্রা পল৷ তিনি ওই এলাকারই বর্তমান বিধায়ক৷ আগেই শোনা গিয়েছিল ফের অগ্নিমিত্রাকে একই আসন থেকে প্রার্থী করতে পারে বিজেপি৷ ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে খড়্গপুর সদর থেকে জিতেছিলেন দিলীপ। কংগ্রেসের জ্ঞানসিং সোহনপালকে হারিয়ে শিরোনামে উঠে আসেন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ। ২০১৯ সাল পর্যন্ত খড়্গপুর সদরের বিধায়ক ছিলেন দিলীপ। তারপর মেদিনীপুর থেকে লোকসভা নির্বাচনে জিতে বিধায়ক পদ ছাড়েন। একুশের নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এবার শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ৷ এর আগের বিধানসভা নির্বাচন ২০২১-এ ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ছিলেন রুদ্রনীল ঘোষ৷ তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ছিল তাঁর লড়াই৷
কিন্তু কোন অঙ্কে জেতা কেন্দ্র হারালেন হিরণ? সম্প্রতি হৃতিকা গিরি নামে এক মডেলকে হিরণের বিয়ের ঘটনায় বিতর্ক ছড়ায়। হিরণের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। যা নিয়ে তুমুল চর্চা হয় রাজ্য জুড়ে। ফলে খড়গপুর আসনে হিরণকে প্রার্থী না করে ফের দিলীপ ঘোষেই আস্থা রাখাটা অনেকটাই প্রত্যাশিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।
