এ দিন কলকাতায় এসে অমিত শাহ বলেন, সোনার বাংলা তৈরি করার নামে হিংসা অরাজকতা চলেছে । এখানে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করে সরকার। সিন্ডিকেট ব্যবস্থার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি সরকার। তোষণকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে৷ সোনার বাংলা তৈরির স্বপ্নের সঙ্গে পরিবর্তন এনেছিল বাংলার মানুষ। কিন্তু এখন বাংলার মানুষের মনে হচ্ছে, এর থেকে বামপন্থীরা ভাল ছিল৷
advertisement
এ দিন কলকাতায় তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে বিজেপি-র চার্জশিট প্রকাশ করেন অমিত শাহ৷ তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, সিন্ডিকেট রাজ, নারীদের বিরুদ্ধে অপরাধ, অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়ার মতো একাধিক অভিযোগে সরব হন অমিত শাহ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এবারের নির্বাচনে বাংলার মানুষকে ভয় নয়তো ভরসাকে বেছে নিতে হবে৷ সেই প্রসঙ্গে বলতে গিয়েই তৃণমূল সরকারের সঙ্গে বাম শাসনের তুলনা টানেন তিনি৷
একই সঙ্গে এ দিন অমিত শাহ দাবি করেছেন, ২০১৪ সালের পর থেকে জম্মু কাশ্মীর, অসম, মণিপুর, হরিয়ানা, ওড়িশার মতো একাধিক রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি৷ এবার দীর্ঘ অপেক্ষার পর অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গে একই দলের সরকার ক্ষমতায় আসবে বলেও দাবি করেছেন শাহ৷ তিনি বলেন, ‘আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বিজেপি বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে৷’
