মধ্যপ্রাচ্যের সামরিক তৎপরতা তদারককারী সেন্টকম (United States Central Command) জানিয়েছে, দুর্ঘটনার সময় দুটি KC-135 Stratotanker রিফুয়েলিং বিমান অভিযানে ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে ভেঙে পড়ে, অন্যটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত পাইলট ও ক্রু সদস্যরা বেঁচে আছেন কি না, তা স্পষ্টভাবে জানা যায়নি। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি শত্রুপক্ষের হামলা বা ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর কারণে ঘটেনি। বর্তমানে উদ্ধার অভিযান চলছে।
advertisement
এদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ইসলামিক রেজিসটেন্স ইন ইরাক (Islamic Resistance in Iraq)-এর দাবি, তারাই পশ্চিম ইরাকে মার্কিন সামরিক রিফুয়েলিং বিমানটি ভূপাতিত করেছে। সংগঠনটির আরও দাবি, “আমাদের দেশের সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষার জন্যই কেসি-১৩৫ বিমানটিকে গুলি করে নামানো হয়েছে।”
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে সংঘাতে এখন পর্যন্ত সাতজন মার্কিন সেনা নিহত হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই যুদ্ধে অন্তত ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।
সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর পাল্টা হামলা চালাচ্ছে। পাশাপাশি আরব উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক মিশন, হোটেল ও বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে এবং তেল অবকাঠামোরও ক্ষতি হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনীর (United States Department of Defense -পেন্টাগন) দাবি, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের অস্ত্রভাণ্ডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানোর পর ইরানের আক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।
