ট্রাম্প বিশেষভাবে ফ্রান্সকে নিয়ে বলেন, ফ্রান্স ‘খুবই অসহযোগী’ ছিল, কারণ তারা রসদবোঝাই বিমানগুলোকে তাদের ভূখণ্ডের ওপর দিয়ে উড়তে অনুমতি দেয়নি। ইরানে হামলা শুরু করার পর থেকেই সামরিকভাবে ইউরোপীয় দেশগুলিকে পাশে না পেয়ে তাদের সমালোচনা করে যাচ্ছেন ট্রাম্প।
advertisement
এদিকে, ইরানজুড়ে গত ২৪ ঘণ্টায় ২৩০টির বেশি হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। ইজরায়েলের দাবি, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতেই পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হচ্ছে। তবে ইরান অভিযোগ করেছে, ইজরায়েল ও আমেরিকা ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। মঙ্গলবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তাঁদের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতেও হামলা চালানো হয়েছে।
এর আগে ইরান জানিয়েছিল, ইজরায়েলি হামলায় তাদের সাধারণ মানুষের সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে ইজরায়েলি সেনাবাহিনী তাদের অবস্থানে অনড় থেকে বলছে, ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে হরমুজ প্রণালি দিয়ে আগের চেয়ে অনেক বেশি জাহাজ চলাচল করছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্যে ভিন্ন চিত্র উঠে এসেছে।
