ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়, তাহলে তিনি যুদ্ধবিরতির অংশ হিসেবে দুই সপ্তাহের জন্য ইরানের উপর হামলা স্থগিত রাখবেন। এর আগে তাঁর হুঁশিয়ারি ছিল, যদি তেহরান কোনও চুক্তিতে না পৌঁছায়, তাহলে “আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে”।
ট্রুথ সোশ্যালে ট্রাম্পের হুঙ্কার, ” ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণ, অবিলম্বে এবং নিরাপদভাবে খুলে দিতে সম্মত হয়, তাহলে আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখতে রাজি।”
advertisement
এর আগে হরমুজ প্রণালী খোলার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, মঙ্গলবার রাত ৮টার (আমেরিকার সময় অনুযায়ী) মধ্যে যদি ইরান কথা না শোনে, তবে তেহরানকে নরকে পাঠানো হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া ১১ ঘণ্টার বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের উপর পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য তিনি স্থগিতে রাজি হয়েছেন এবং দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হতে যাচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয়দের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে নয়াদিল্লি। ভারতীয়েরা ইরানের যেখানে আছেন, আগামী ৪৮ ঘণ্টা সেখানেই নিরাপদ কোনও আশ্রয়ে থাকার কথা বলা হয়েছে। আপাতত এক স্থান থেকে অন্যত্র না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একান্ত যেতে হলেই বা ইরান সীমান্ত পার করতে হলে, তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।
