জানা গিয়েছিল যে ভোটে লড়ার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গায়িকার কাছে প্রস্তাব গিয়েছিল। কিন্তু ইমন নিজেই চাননি বিধানসভা নির্বাচনে দাঁড়াতে৷ কারণ তাঁর মতে , গান তাঁর জীবনে প্রধান এবং গান নিয়েই তিনি থাকতে চান৷ এবার সোশ্যাল মিডিয়ায় ইমন পোস্ট করে নিজেই সব জল্পনার অবসান ঘটালেন। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরপরই গায়িকা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট লেখেন৷ তিনি লেখেন, বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জমতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন। এবার আপনাদের কাছে করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।
advertisement
এই পোস্ট থেকে বোঝা গিয়েছে যে গায়িকা খুবই বিতর্ক এই চর্চায়৷ যারা তাঁকে নিয়ে আলোচনা করছেন তাঁদের যোগ্য জবাব দিয়েছেন ইমন৷ তবে ভোটে না দাঁড়ালেও বা তৃণমূলের প্রস্তাব নাকোচ করে দিলেও ব্যক্তিগত স্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইমনের সম্পর্ক খুব ভাল। রাজনীতিতে না এলেও ‘দিদি’র প্রতি তাঁর শ্রদ্ধা অটুট।
মঙ্গলবারে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস৷ প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে৷ তবে এবার সেভাবে নতুন কোনও টলিউড ফেস উঠে এল না তৃণমূলের প্রার্থী তালিকায়৷ এবার বিধানসভা নির্বাচন ২০২৬-এ বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা হলেন-
সোহম চক্রবর্তী (করিমপুর)
রাজ চক্রবর্তী (ব্যারাকপুর)
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বরানগর)
অদিতি মুন্সি (রাজারহাট গোপালপুর)
অরুন্ধতী/লাভলী মৈত্র (সোনারপুর দক্ষিণ)
শ্রেয়া পাণ্ডে (মানিকতলা)
এই তালিকায় নতুন শ্রেয়া পাণ্ডে৷ বাকি সকলেই পূর্ব বিধায়ক৷ অর্থাৎ ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়ী ছিলেন৷ তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই৷ রাজ্যের ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস৷ এ দিন কালীঘাটে নিজের বাসভবন থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রত্যাশিত ভাবেই তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে একাধিক বড় নাম৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দার্জিলিংয়ের তিনটি আসনে তৃণমূল লড়ছে না৷ ওই তিনটি আসনে লড়বে অনীত থাপার দল৷ তাদের সঙ্গে জোট করেছে তৃণমূল৷ ওই তিনটি আসন বাদ দিয়ে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল৷
